রাঙ্গাবালীতে রাতের আধারে বিএনপি কার্যালয় ভাঙচুর

এপ্রিল ০৮ ২০২৩, ১১:৫১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বাহেরচর বাজার নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

বিএনপির দাবি, উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতৃত্বে এ হামলা হয়েছে। এ সময় চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। ভেঙে ফেলা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবিও।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী বলেন, ‘আমাদের জনসমর্থন জানান দিতে আজ শনিবার আমাদের কেন্দ্র ঘোষিত গণ-অবস্থান কর্মসূচি রয়েছে। এটি বানচাল করার জন্য রাতের আধারে যুবলীগ-ছত্রলীগ আমাদের অফিসে অতর্কিত হামলা চালিয়েছে।

জেলা পরিষদের সদস্য মশিউর রহমান শিমুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সাটার ভেঙে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনায়ক তারেক রহমান ও আমাদের নেতা এবিএম মোশাররফ হোসেনের ছবি এবং প্রায় ১০০ চেয়ার ভাঙচুর করা হয়েছে। তবুও আমাদের কর্মসূচি বন্ধ হবে না। আজ আমরা আমাদের কর্মসূচি পালন করবো।’

উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মশিউর রহমান শিমুল বলেন, ‘আমিতো এ বিষয়ে কিছুই জানি না।’ উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান আরিফ বলেন, ‘ছাত্রলীগের কেউ এসব কাজ করেনি। এসব ভিত্তিহীন।

বিএনপির কাজই মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো।’ এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, ‘এ ধরনের ঘটনা আমাদের জানা নেই। অভিযোগও পাইনি।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া