মধ্যরাতে শেষ হচ্ছে ৫ ইউপির নির্বাচনী প্রচারণা

মার্চ ১৪ ২০২৩, ১৯:১১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আজ মঙ্গলবার (১৪ মার্চ) মধ্যরাতে শেষ হচ্ছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা।

শেষ মুহূর্তে তাই উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। তবে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাসহ বিদ্যমান নানা সমস্যার সমাধানে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা।

এদিকে গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচনী মাঠে বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা

কলাপাড়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১৬ মার্চ উপজেলার বালিয়াতলী, ডালবুগঞ্জ, মিঠাগঞ্জ, ধানখালী ও চম্পাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করা হচ্ছে।

ওইদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ৪৫ টি ওয়ার্ডের ৪৫টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৬১ হাজার ১৪৯ জন ভোটারের বিপরীতে ২০ জন চেয়ারম্যান পদে, ১৪৬ জন সাধারণ সদস্য পদে ও ৪৯ জন সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্ধীতা করছেন।

মিঠাগঞ্জ ইউনিয়নের ভোটার মিজানুর রহমান জানান, ‘এলাকার উন্নয়নে যে কাজ করবে, রাস্তাঘাট এবং কালভার্ট নির্মাণ করবে তাকেই আমরা ভোট দেবো।’

চম্পাপুর ইউনিয়নের ষাটোর্ধ্ব নাজিমউদ্দিন নামের ভোটার বলেন, ‘আমাদের এলাকার বেশির ভাগ রাস্তাঘাট এখনও কাঁচা। যে আমাদের এলাকার উন্নয়নে কাজ করবে তাকেই আমরা নির্বাচিত করতে চাই। কোনো ধরনের বাঁধা বিপত্তি না থাকলে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রতীকে ভোট দেবো।’

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, ‘জনগণের সার্বিক নিরাপত্তায় আমাদের সদস্যরা মাঠে কাজ করছে। আশা করছি নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটবে না।’

কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রশিদ বলেন, আজ মধ্যরাত থেকে কেউ নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। যদি কেউ নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করেন তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন। আশা করছি নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন হবে।’

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও