বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি ॥ পটুয়াখালীর বাউফলে ২০২২ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ না নিয়েও বৃত্তি পেয়েছে এক শিক্ষার্থী। উপজেলার সূর্যমনি ইউনিয়নের ৪১নং উত্তর পশ্চিম রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষার্থীর নাম সাজিয়া রহমান।
পরীক্ষায় অংশ না নিয়েও বৃত্তি পেল সাজিয়া
মার্চ ০১ ২০২৩, ১২:১৭
কিন্তু উপজেলার ৪১নং পশ্চিম রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৭জন অংশ গ্রহণ করলেও ওই শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেনি। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত সাধারণ বৃত্তির ফলাফলে ওই শিক্ষার্থীর রোল নং ম-৩৩৪ দেখানো হয়েছে।
সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বশার জানান, খলিলুর রহমানের কন্যা সাজিয়া রহমান বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেনি। কিভাবে বৃত্তি পরীক্ষা ফলাফলের তালিকায় ওই শিক্ষার্থীর নাম এসেছে বুঝতে পারছি না।
উপজেলা শিক্ষা অফিসার আতিকুল ইসলাম জানান, অংশগ্রহণ না করে কিভাবে বৃত্তি পেলো সে বিষয়টি আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে অবহিত করেছি।









































