ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা
মার্চ ০১ ২০২৩, ১১:১৫
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান প্রধান বিরোধী নেতা ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন পাকিস্তানের একটি আদালত।
গতকাল মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের এফ-৮ করাচি আদালত এই পরোয়ানা জারি করেছেন। আলোচিত তোষাখানা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। খবর ডনের।
এফ-৮ করাচি আদালতটি ইসলামাবাদের জুডিশিয়াল কমপ্লেক্সে অবস্থিত। ইসলামাবাদের অধিকাংশ সেশন আদালতের অবস্থান এই কমপ্লেক্সে। মঙ্গলবার জুডিশিয়াল কমপ্লেক্সে তিনটি আদালতে ইমরানের বিরুদ্ধে দায়ের করা প্রধান চারটি মামলার বিচার কার্যক্রম চলে।
কমপ্লেক্সের ব্যাংকিং আদালতে নিষিদ্ধ তহবিল গ্রহণ বিষয়ক মামলার বিচার, অ্যান্টি টেররিজম আদালতে সন্ত্রাসী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা বিষয়ক মামলার বিচার এবং এফ-৮ করাচি সেশন আদালতে তোষাখানা ও হত্যাচেষ্টার মামলার বিচার হয়।
তিন আদালতে চলমান চারটি মামলাতেই নিজের আইনজীবীদের মাধ্যমে আগাম জামিনের আবেদন করেছিলেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান এবং জামিন আবেদনগুলোর ওপর শুনানির নির্ধারিত দিন ছিল মঙ্গলবার। নিষিদ্ধ তহবিল ও সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলায় ইমরান জামিন পান। সে সময় তিনি ইসলামাবাদের জুডিশিয়াল কমপ্লেক্সে বিপুলসংখ্যক দলীয় কর্মীদের সঙ্গে আদালতে হাজির ছিলেন।
চারটি ভিন্ন ভিন্ন মামলায় তার ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়ার কথা ছিল। তোষাখানা মামলায় ইমরান খানকে অভিযুক্ত করার কথা ছিল। কিন্তু তার আইনজীবী আদালতকে অনুরোধ করেছিলেন যে তাকে আজ যাতে শুনানি থেকে অব্যাহতি দেওয়া হয়। কারণ তাকে আরও কয়েকটি আদালতে হাজির হতে হবে। এর আগে দুবার তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল।
পিএমএল-এনের মহসিন রাঞ্জাকে ২১ অক্টোবর কনস্টিটিউশন অ্যাভিনিউতে ইসিপির বাইরে একজন কেপি পুলিশ সদস্য গুলি করে। মহসিন রাঞ্জা অভিযোগ দায়ের করেন, পুলিশ সদস্যটি ইমরানের নির্দেশে তার জীবন নেওয়ার চেষ্টা করে। এই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।
আ/ মাহাদী









































