পটুয়াখালীতে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ বিএনপির পদযাত্রা
ফেব্রুয়ারি ২৫ ২০২৩, ১৭:১০
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীতে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়েছে বিএনপির পদযাত্রা। এ ঘটনায় আহত হয়েছে বিএনপির ২৫ নেতাকর্মী। আজ শনিবার সকালে পৌর শহরের বনানী মোড়স্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল আটা সহ লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পদযাত্রার আহ্বান করে জেলা বিএনপি।
সকালে বিভিন্ন ইউনিয়ন থেকে পদযাত্রা সহকারে জেলা বিএনপি কার্যালয়ের সম্মুখে জড়ো হয় বিএনপি নেতাকর্মীরা।
পরে সেখান থেকে পদযাত্রা শুরু করে পৌর শহরের দিকে রওনা দেয় বিএনপি নেতাকর্মীরা। এ সময় পৌর সভার সামনে পৌঁছলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
জেলা বিএনপির নেতৃবৃন্দ দাবি করেন, এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জন নেতাকর্মী। জানতে চাইলে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, বেআইনিভাবে রাস্তা দখল করে তারা পদযাত্রা কর্মসূচি পালন করছিল। এজন্য শান্তি শৃঙ্খলা রক্ষার্থে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। তবে লাঠিচার্জের বিষয়টি অস্বীকার করেন তিনি।
আ/ মাহাদী







































