ঝালকাঠিতে কভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে ২ বাইক আরোহী নিহত
জানুয়ারি ২৮ ২০২৩, ০১:১১
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির রাজাপুরে কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থালেই নিহত হয়েছেন।
শুক্রবার রাত ১১টার দিকে ঝালকাঠি-পিরোজপুর মহাসড়কের নৈকাঠি পালবাড়িতে এ দুর্ঘটনা ঘটে বলে জানান রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায়।
তাৎক্ষণিকভাবে নিহত দুজনের পরিচয় জানতে পারেনি পুলিশ। ওসি জানান, গ্যাসের সিলিন্ডারবাহী একটি কভার্ড ভ্যান পিরোজপুর থেকে বরিশালের দিকে যাচ্ছিল।
বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাইকের দুই আরোহী মারা যান।
তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, কভার্ড ভ্যান ও এটির চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশ কর্মকর্তা পুলক।
আ/ মাহাদী









































