ঘন কুয়াশায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০
ডিসেম্বর ১৬ ২০২২, ১২:৪৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পঞ্চগড়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহসড়কের সাড়ে নয় মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে বগুড়ার উদ্দেশে ছেড়ে যাচ্ছিল যাত্রীবাহী বিআরটিসি বাসটি। এদিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা সাদমান নামে অপর একটি বাস ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুমড়ে-মুচড়ে গিয়ে দুই যাত্রীবাহী বাসের ২০ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তেঁতুলিয়া হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।
সিভিল সার্জন ডা. রফিকুল হাসান বলেন, আহতদের যথাযথ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আ/ মাহাদী








































