আর্জেন্টিনার জয়ে ব্রাজিল সমর্থকের ‘আত্মহত্যার’ চেষ্টা
ডিসেম্বর ১৪ ২০২২, ২২:৫০
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার জয়ে টাঙ্গাইলের মির্জাপুরে অনিক (১৫) নামে এক ব্রাজিল সমর্থক বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। বর্তমানে সে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অনিক উপজেলার বানাইল ইউনিয়নের ভাবখণ্ড গ্রামের বাসিন্দা। সে বানাইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
পারিবারিক সূত্র জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আর্জেন্টিনা ৩-০ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে ওঠে।
অনিক ম্যাচটি বন্ধুদের সঙ্গে তার নানির বাড়ি গিয়ে উপভোগ করে। খেলা শেষে বাড়ি ফিরে অনিক নির্মাণাধীন ঘরে ঘুমাতে যায়।
ভোরে অনিকের গোঙানির শব্দ পেয়ে তার বাবা ঘরে গিয়ে দেখেন অনিক অচেতন অবস্থায় মেঝেতে পড়ে আছে।
পরে জানতে পারেন অনিক বিষপান করেছে। এ সময় তাকে দ্রুত কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর অনিক প্রাণে বেঁচে যায়।
অনিকের বাবা জাহঙ্গীর হোসেন বলেন, বন্ধুদের সঙ্গে খেলা দেখে বাড়ি ফিরে নতুন ঘরে অনিক ঘুমাতে যায়।ভোরে গোঙানির শব্দ শুনে ঘরে গিয়ে দেখি সে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছে। কুমুদিনী হাসপাতালে চিকিৎসার পর সে বেঁচে যায়। অনিক ব্রাজিল সমর্থক।
কুমুদিনী হাসপাতালের চিকিৎসক ডা. তাহেরা বেগম বলেন, অনিক কীটনাশক পান করেছিল। চিকিৎসার পর বর্তমানে সে সুস্থ আছে।
আ/ মাহাদী








































