আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া খেলা উপলক্ষে মুরগিতে বিশেষ ছাড়

ডিসেম্বর ১৩ ২০২২, ২৩:২৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ দিনগত রাত ১টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া।

বিশ্বকাপের শুরু থেকেই নানা আয়োজনে খেলা উপভোগ করছেন সমর্থকরা। এবার চাঁপাইনবাবগঞ্জে দেখা গেল এক ব্যতিক্রমী ঘটনা।

আর্জেন্টিনা-ক্রোয়েশিয়ার খেলা উপলক্ষে সোনালী মুরগিতে কেজি প্রতি ৩০ টাকা ছাড় দিচ্ছেন ব্যবসায়ী সাফিউর রহমান।

গোমস্তাপুর উপজেলার রহনপুর ধূলাউড়ি মিশন মোড়ের খামারে এ ছাড় দিচ্ছেন সাফিউর। কম দামে মুরগি বিক্রি করতে ভ্যানে করে মাইকিং করেছেন রহনপুর পৌরসভার বিভিন্ন এলাকায়।

সাফিউর রহমান বলেন, ‘আমাদের এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক অনেক বেশি। কিন্তু ব্রাজিল কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়ায় বিশ্বকাপের জৌলুশ কিছুটা হলেও কমেছে।

তবে এখনো আর্জেন্টিনা সেমিফাইনাল পর্যন্ত টিকে আছে। আজ তারা ক্রোয়েশিয়ার সঙ্গে খেলবে। এই ম্যাচটি রাত ১টায় হওয়ায় তরুণরা রাত জেগে খেলা দেখবে। আমরাও সেই সুযোগে মুরগিতে ছাড় দিয়ে বিক্রি বাড়িয়েছি।’

খামারের শ্রমিক আব্দুর রহমান বলেন, ‘খামারে মোট ৩ হাজার মুরগি ছিল। গত দুই দিনে ২ হাজার বিক্রি হয়েছে। এমনকি আজও সকাল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত ২০০ মুরগি বিক্রি হয়েছে।

একেকটি মুরগির ওজন ৭০০ গ্রাম থেকে দেড় কেজি পর্যন্ত। বাজারে ২৫০ টাকা কেজি করে সোনালী মুরগি বিক্রি হচ্ছে। কিন্তু আমাদের মালিক খেলা উপলক্ষে ছাড় দিয়ে ২২০ টাকা করে বিক্রি করছেন। আশা করছি, রাতের মধ্যে অবশিষ্ট থাকা সব মুরগি বিক্রি হয়ে যাবে।’

মুরগি কিনতে আসা আর্জেন্টিনা সর্মথক প্রসেনজিৎ ঘোষ বলেন, ‘রহনপুরে অনেক জায়গায় বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। তাই আমরাও কয়েক বন্ধু মিলে প্রজেক্টরে খেলা দেখব।

কিন্তু যেহেতু অনেক রাতে খেলা, তাই এ উপলক্ষে একটি পিকনিক করে সময় কাটাব। কারণ এত রাতে বাসা থেকে সবাই খেলা দেখার জন্য বের হয়ে আসতে পারবে না।’

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও