বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার-হেলপারসহ নিহত ৩
ডিসেম্বর ১১ ২০২২, ১২:২৭
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দিনাজপুরের ফুলবাড়ীতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার হেলপারসহ ৩ জন নিহত হয়েছেন।
রোববার (১১ ডিসেম্বর) ভোর ৫টায় দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের উপজেলার ভিমলপুর মির্জা অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার দুর্গাপুর গ্রামের জেন্টু আলীর ছেলে পিকাআপ ড্রাইভার ওলিউল্লাহ (২২), একই উপজেলার মরার চর গ্রামের সেতাবুর রহমানের ছেলে পিকআপ হেলপার আজিজুর রহমান নিশান (২৪) এবং অপর নিহত ব্যক্তি পিকআপের যাত্রী ফুলবাড়ী উপজেলার আদর্শ কলেজপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মোত্তাসিম বিল্লাহ (২৫)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে টমেটো পরিবহনকারী একটি ছোট পিকআপ দিনাজপুর থেকে চাঁপাইনাবাগঞ্জ যাওয়ার পথে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস দিনাজপুর অভিমুখে আসার পথে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের উপজেলার ভিমলপুর মির্জা অটো মিলের সামনে কুয়াশার কারণে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে ঘটনাস্থলেই ছোট পিকআপের ড্রাইভার, হেলপার ও একজন যাত্রী নিহত হয়। এ ঘটনায় পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। যাত্রীবাহী বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজ চালিয়ে ৩টি মরদেহ উদ্ধার করে। পরে থানা পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ থানায় নিয়ে যায়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশ্রাফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হবে। নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
আ/ মাহাদী








































