ব্রাজিল সমর্থক ২ ভাইকে মারধর, বাড়িঘর ভাঙচুর

ডিসেম্বর ১০ ২০২২, ১৭:৫০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজশাহীতে ব্রাজিলের সমর্থক দুই ভাইকে আর্জেন্টিনার সমর্থকেরা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল হেরে যাওয়ার পর এই ঘটনা ঘটে।

আহত দুই ব্রাজিল সমর্থক হলেন রাজশাহীর নতুন বিলশিমলা বন্ধগেটের আবদুল কুদ্দুসের দুই ছেলে মো. হোসাইন রিফাত (২২) ও এহেসান রায়হান (২০)।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, তিন থেকে চারমাস আগে এলাকার কিছু ছেলের সঙ্গে তাদের বিরোধ চলছিল। রিফাত ও এহেসান দুইজনই ব্রাজিলের সমর্থক। যাদের সঙ্গে বিরোধ তারা আর্জেন্টিনার সমর্থক।

গতকাল রাতে বাড়ির পাশের মাঠে তারা একইসঙ্গে খেলা দেখছিলেন। ব্রাজিল হেরে যাওয়ার পর আর্জেন্টিনার এক সমর্থক রায়হানের কানের কাছে গিয়ে বাঁশি বাজায়।

এ সময় প্রতিবাদ করলে দুই ভাইকে মারধর করে আর্জেন্টিনার সমর্থকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। দুই ভাইকে মারধরের ঘটনায় তাদের মা লাবনী বেগম (৪০) রাজপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

মা লাবনী বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটানো হয়েছে। এটা পূর্বপরিকল্পিত। পরিকল্পনা করে দুই ভাইকে উত্তেজিত করে প্রথমে মারধর করা হয়েছে।

পরে তারা দৌড়ে বাড়ি পালিয়ে এসে দরজা লাগিয়ে দেয়। এ সময় ৬০ থেকে ৭০ জন দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। তারা দুটি জানালা ও একটি দরজা ভাঙচুর করে।’

এ বিষয়ে মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, ‘খেলাকে কেন্দ্র করে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

আগে থেকে তাদের কী শত্রুতা ছিল সেটা জানি না। অভিযোগপত্রে হামলাকারী হিসেবে কয়েকজনের নাম দেওয়া হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও