বরিশালে নানকের বাসভবনসহ দুইটি বাড়িতে অগ্নিসংযোগ

নভেম্বর ১৯ ২০২৬, ১৯:০০

বরিশাল  : বরিশাল নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

একইদিন গৌরনদী পৌরসভার ২ নাম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের বাড়িতে অগ্নিসংযোগ ও সাবেক এক ইউপি সদস্যর বাড়িতে হামলা ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

সূত্রমতে, বৃহস্পতিবার ভোররাতে নগরীর বটতলা এলাকায় নানকের বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি কয়েকটি জানালার গ্লাস ভাঙচুর করা হয়। পরবর্তীতে বাড়ির গার্ডরুমে অগ্নিসংযোগ করা হয়। তবে অগ্নিসংযোগপ বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতে একদল বিক্ষুব্ধ নেতাকর্মী নানকের বাসভবনে হামলা চালান। তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করে কয়েকটি জানালা ভাঙচুর করেন। একপর্যায়ে বাসভবনের সামনের গার্ডরুমে আগুন ধরিয়ে দেওয়া হয়।

গৌরনদী পৌরসভার ২ নাম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সদস্য কেএম আহসান ইমাম খায়রুল খান মোবাইল ফোনে অভিযোগ করে বলেন, তিনি এবং তার ভাই উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ইমরাত খানের কসবা গ্রামের বাড়িতে বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে স্থানীয় বিএনপির একদল লোক সশস্ত্র অবস্থায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। হামলার সময় বাড়িতে অবস্থানরত নারী ও শিশুরা ভয়ে চরম আতঙ্কিত হয়ে পরেন।

তিনি আরও বলেন, দ্বিতীয় দফায় রাত আড়াইটার দিকে বিএনপির নেতাকর্মীরা তার বসত ঘরে অগ্নিসংযোগ করে। এতে মুহুর্তের মধ্যে পুরো ঘরটি ভস্মিভূত হয়।

অপরদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গৌরনদীর বার্থী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক এবং বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মামুনুর রশিদ মনু মোল্লা মোবাইল ফোনে জানিয়েছেন, বুধবার দিবাগত মধ্যরাতে বিএনপির একদল নেতাকর্মী তার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে ঘরের মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে যায়।

তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করে গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু বলেন, এসব ঘটনার সাথে আমাদের কোন নেতাকর্মীরা জড়িত নেই। তৃতীয় কোন পক্ষ কিংবা নিজেরা এ ঘটনা ঘটিয়ে বিএনপির ওপর দায় চাঁপানো হচ্ছে।

গৌরনদী মডেল থানার ওসি মো, তারিক হাসান রাসেল জানিয়েছেন, এসব ঘটনায় কেউ থানায় অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একইদিন রাতে গৌরনদী পৌরসভার ১ নাম্বার ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. নান্নু মৃধাকে (৩৮) পিটিয়ে গুরুত্বর আহত করেছে বিএনপির নেতাকর্মীরা।

লকডাউনে উপজেলার বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগের অভিযোগে নান্নু মৃধার ওপর হামলা চালানো হয়।

নান্নু মৃধা পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডের সুন্দরদী নবীনগর এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম কিবরিয়ার ছেলে।

নান্নুর স্বজনরা জানিয়েছেন, মুমূর্ষু অবস্থায় নান্নু মৃধাকে উদ্ধার করে প্রথমে উপজেলা ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বৃহস্পতিবার দুপুরে আশঙ্কাজনক অবস্থায় নান্নুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

অপরদিকে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বরিশালের বিভিন্ন সড়ক ও মহাসড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির খবর পাওয়া গেছে।

বুধবার দিবাগত রাতে বরিশাল-ঢাকা ও বরিশাল-খুলনা মহাসড়কের পৃথক স্থানে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সৈয়দ শামসুদ্দোহা আবিদ নিজের ফেসবুক পেজে দুটি ভিডিও প্রকাশ করে এসব কর্মসূচির কথা জানান। তাঁর দাবি, সাবেক সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের পক্ষ থেকে মহানগর যুবলীগের নেতাকর্মীরা পৃথকভাবে এসব কর্মসূচি পালন করেন।

আবিদের দেওয়া তথ্য অনুযায়ী, বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর গড়িয়ারপাড় এলাকায় এবং বরিশাল-খুলনা মহাসড়কের একটি স্থানে অবরোধ করে বিক্ষোভ করা হয়। তবে বরিশাল-খুলনা মহাসড়কের সুনির্দিষ্ট স্থান উল্লেখ করেননি তিনি।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি সড়কে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এ সময় তাঁদের আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে শ্লোগান দিতে শোনা যায়। তবে সবার মুখে মুখোশ থাকায় বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় ও সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, তাঁদের কাছে মেট্রোপলিটন পুলিশের আওতাধীন মহাসড়কের কোনো অংশে অবরোধ বা প্রতিবন্ধকতা সৃষ্টির খবর ছিল না।

৩৯ ও ৫৬ সেকেন্ডের দুটি ভিডিওর সূত্র ধরে গড়িয়ারপাড় এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, ভোররাতের দিকে মহাসড়কে অল্প সময়ের জন্য মিছিলের শব্দ শোনা গেছে। তবে এ কর্মসূচি দীর্ঘস্থায়ী হয়নি।

এ ছাড়া বুধবার রাতে বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর রাজীব হোসেন খানের অনুসারীদের বিরুদ্ধেও গড়িয়ারপাড় এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। তবে ওই প্রতিবন্ধকতাও বেশিক্ষণ স্থায়ী হয়নি।

এদিকে রাতভর বরিশাল নগর ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের নিরাপত্তামূলক তৎপরতা দেখা গেছে। বিভিন্ন এলাকায় তাঁরা দফায় দফায় মহড়া দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া