ঢাকা-বরিশাল
মহাসড়কের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ট এলাকাবাসী
অক্টোবর ২০ ২০২৬, ১৯:২৫
ডাম্পিং স্টেশন না থাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশের দুই স্থানে ময়লার ভাগাড় বানিয়েছে গৌরনদী পৌরসভা কর্তৃপক্ষ। প্রতিদিন ভ্যান ও ট্রাক বোঝাই করে ময়লা এনে ফেলা হচ্ছে ভাগাড়ে। ফলে দুর্গন্ধ, মশা-মাছির উপদ্রবে এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছেন।
সরেজমিনে দেখা গেছে, গৌরনদী উপজেলার নীলখোলা ব্রীজের ঢালে এবং কসবা হযরত মল্লিক দূত কুমার (রঃ) মাজারের দক্ষিণ দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে প্রতিদিন পৌর এলাকার ময়লার স্তুপ জমা করে ভাগাড়ে পরিণত করা হয়েছে।
মহাসড়কের পার্শ্ববর্তী টরকী নীলখোলা এলাকার বাসিন্দা রানা দেওয়ান ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন যাবত পৌর এলাকার যত ময়লা-আবর্জনা রয়েছে তা এনে আমাদের বাড়ির পার্শ্ববর্তী মহাসড়কের পাশে স্তুপ করা হচ্ছে। পলিথিন আর আবর্জনায় ময়লার ফেলার স্থান ভাগাড়ে পরিণত হয়েছে। দুর্গন্ধে স্থানীয়দের বাসাবাড়িতে থাকা কঠিন হয়ে পড়েছে।
তিনি আরও জানিয়েছেন, নীলখোলা ব্রীজের উত্তর দিকে মহাসড়কের পাশে দেওয়ান বাড়ি মসজিদ। ওই মসজিদের সামনেই ময়লার ভাগাড়। আবার মহাসড়কের দুইপাশেই অসংখ্য ঘরবাড়ি। ময়লার দুর্গন্ধে মসজিদে মুসল্লীদের যেমন নামাজ পড়তে কষ্ট হচ্ছে, তেমনি বসতবাড়িতে থাকা লোকজন অতিষ্ট হয়ে পড়েছে। আমরা ময়লার দুর্গদ্ধ থেকে পরিত্রান চাই।
স্থানীয় মিজান সরদার, সুমন তালুকদার জানিয়েছেন, এখানে শুধু টরকী এলাকার ময়লা নয়, আশপাশের এলাকার ময়লা এনে ভাগাড়ে ফেলা হচ্ছে। শুধু ময়লা নয়, মানুষের বাসাবাড়িতে কোন প্রানি মারা গেলে তাও এনে ফেলা হচ্ছে। দুর্গদ্ধে মহাসড়কের ওই স্থান দিয়ে চলাচল করা কষ্টসাধ্য। পথচারীদের নাক চেপে চলাচল করতে হচ্ছে।
তারা আরও বলেন, উন্মুক্ত স্থানে রাখা ময়লায় কিছুদিন পরপরই আগুন ধরে যাচ্ছে। যে কারনে আগুনের ধোঁয়ায় বায়ু দূষণ হচ্ছে। সেই বায়ুতে আশপাশের লোকজন ও পথচারীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন।
এ বিষয়ে গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু বলেন, মহাসড়কের পাশে ময়লার ভাগাড় পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। ময়লা দুর্গদ্ধ থেকে জনসাধারণের রক্ষায় ডাম্পিং স্টেশন নির্মানের জন্য আমরা পৌর কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম বলেন, ডাম্পিং স্টেশন তৈরির পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে মহাসড়কের পাশে ময়লা ফেলার সমস্যা সমাধান হয়ে যাবে।









































