প্রতিশ্রুতির চেয়েও বেশি সেবা পৌঁছে দিতে চাই: প্রতিমন্ত্রী রাজীব
সেপ্টেম্বর ১৯ ২০২৬, ২১:২৫
নির্বাচনের সময় জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির পাশাপাশি তার চেয়েও বেশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে সাংগঠনিক পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাজীব আহসান বলেন, ‘‘নির্বাচনের আগে মানুষের দ্বারে দ্বারে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এখন সেসব প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি মানুষের প্রয়োজন অনুযায়ী আরও বেশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে।’’
নারী কল্যাণে ফ্যামিলি কার্ডসহ সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘‘এসব উদ্যোগের সুফল যাতে এলাকার সাধারণ মানুষ পান, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।’’ বিশেষ করে নিজ নির্বাচনি এলাকার প্রতিটি পরিবারের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়ার ওপর জোর দেন তিনি।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়েও আলোচনা হয়। সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ও জনপ্রিয় নারী নেতৃত্বকে চিহ্নিত করার জন্য ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়।
রাজীব আহসান বলেন, ‘‘এলাকার মানুষের সঙ্গে যাদের সরাসরি যোগাযোগ রয়েছে এবং যারা স্থানীয়ভাবে গ্রহণযোগ্য, তাদের নেতৃত্বে আনার বিষয়ে গুরুত্ব দিতে হবে।’’ একই সঙ্গে স্থানীয় মানুষের কাছে গ্রহণযোগ্যতা নেই, এমন ব্যক্তিদের দলীয় কার্যক্রমে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।
উপজেলা মহিলা দলের সভাপতি জীবন নাহার বেগমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্যসচিব শিহাব আহমেদ সেলিম, মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্যসচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু এবং বরিশাল সদর উত্তর মহিলা দলের আহ্বায়ক চৌধুরী শরিফা নাসরিন।
মতবিনিময় সভায় মেহেন্দিগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন এবং উপজেলা ও পৌর মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদার, নারী নেতৃত্বের বিকাশ এবং স্থানীয় পর্যায়ে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।








































