খাল পরিস্কার: জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে দুই সহশ্রাধিক পরিবার

আগস্ট ২৯ ২০২৬, ২২:১৮

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ খাল পরিস্কার করে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি উপজেলাকে ক্লীন-গ্রীণ করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর প্রশাসন। সেই ধারাবাহিকতায় শনিবার (২৯ আগষ্ট) সকালে পৌরসভার উদ্যোগে ৬ ও ৭নং ওয়ার্ডকে জলাবদ্ধতা থেকে রক্ষা করতে ৭নং ওয়ার্ড দক্ষিণ বিজয়পুর গোপালঘুরানী ২ কিলোমিটার খালের উপর থেকে অবৈধ বাঁধ অপসারণ ও পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী শুরু করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহিমের নেতৃত্বে এ কর্মসূচী শুরু করা হয়। কর্মসূচীতে স্বেচ্ছাসেবীদের সঙ্গে দা হাতে ইউএনওকে খালের পাশের আগাছা ও আবর্জনা পরিস্কার করতে দেখা যায়।

কর্মসূচীতে উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সামাজিক সংগঠনের কর্মীরা অংশগ্রহন করেন। সকাল থেকে শুরু হয়ে পুরো খাল পরিস্কার না হওয়া পর্যন্ত বিরতীহিন ভাবে চলে কর্মসূচী।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম জানিয়েছেন, প্রধানমন্ত্রী পরিস্কার-পরিচ্ছন্ন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের দিক-নির্দেশনায় মাঠ পর্যায়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।
সেই কার্যক্রমের অংশ হিসেবে পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচীতে আমরা নেমেছি। আজকে যে খালটি পরিস্কার করা হচ্ছে। এই খালের মধ্যে অবৈধ বাঁধ, প্লাষ্টিকের বর্জ্য ও ময়লা-আবর্জনা ফেলে খালটি ভরাট করে রেখেছিলো স্থানীয়রা। যে কারনে বৃষ্টির পানি নামতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনদূর্ভোগ নেমে এসেছিলো ওয়ার্ডবাসীর মধ্যে। তাই জনগুরুত্ব বিবেচনায় খালের বাঁধ অপসারণ ও খালটি পরিস্কার করা হয়েছে। এতে প্রায় আড়াই হাজার পরিবার জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে ।

তিনি আরও জানিয়েছেন, গৌরনদী উপজেলাকে ক্লীন এন্ড গ্রীণ হিসেবে গড়ে তোলার লক্ষে আমরা ইতিমধ্যে কর্মসূচী গ্রহন করেছি। আমাদের কর্মসূচী সফল করতে রাজনৈতিক দলের নেতাকর্মী ও সামাজিক সংগঠনের কর্মীরা প্রশাসনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। কর্মসূচী সফল হলে গৌরনদী হবে একটি পরিস্কার-পরিচ্ছন্ন উপজেলা।

ছবির ক্যাপশন- খাল পরিস্কার-পরিচ্ছন্ন কর্মসূচীতে ইউএনও সহ অন্যান্যরা-

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও