সাত মাসের সন্তান রেখে আত্মহত্যার চেষ্টা: প্রতিবেশীদের তৎপরতায় প্রাণে বাঁচলেন গৃহবধূ নিজস্ব প্রতিবেদক |
জুলাই ২৭ ২০২৬, ০০:৩৪
নিজস্ব প্রতিবেদক | জে. এস. সিদ্দিকী, বরিশাল
বরিশাল নগরীর পলাশপুর ৫ নম্বর ওয়ার্ডের সূর্যের হাসি ক্লিনিক সংলগ্ন এলাকায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। সাদিয়া (১8) নামে এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করলে প্রতিবেশীদের তাৎক্ষণিক তৎপরতায় তিনি প্রাণে রক্ষা পান।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি টের পেয়ে আশপাশের বাসিন্দারা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয় চিকিৎসকদের প্রাথমিক চিকিৎসায় তিনি আশঙ্কামুক্ত হন। বর্তমানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রয়েছে বলে জানা গেছে।
সরেজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল। এছাড়া কয়েকজন স্থানীয় বাসিন্দা দাবি করেন, জুয়া-সংক্রান্ত আর্থিক বিরোধের কারণে সাদিয়া তার সাত মাসের শিশুসন্তানকে একটি দোকানে বন্ধক রেখেছিলেন। পরে সেই অর্থ পরিশোধ করতে না পেরে মানসিক চাপে আত্মহত্যার চেষ্টা করেন বলে তাদের দাবি।
এ বিষয়ে বিএমপি কাউনিয়া থানার এসআই মোস্তাফিজ জানান, ঘটনাটি তদন্ত করে প্রাথমিকভাবে স্থানীয়দের দেওয়া তথ্যের সঙ্গে মিল পাওয়া গেছে এবং ঘটনার বিভিন্ন দিক যাচাই-বাছাই করা হয়েছে।
তবে বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট সকল বিষয় তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিঃদ্রঃ এই প্রতিবেদনে উল্লেখিত জুয়া-সংক্রান্ত অভিযোগ ও শিশুকে বন্ধক রাখার তথ্য স্থানীয় সূত্রের বক্তব্য এবং তদন্তকারী কর্মকর্তার প্রাথমিক তথ্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। আত্মহত্যার মতো সংবেদনশীল ঘটনার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত তদন্ত প্রতিবেদনই সর্বশেষ ও নির্ভরযোগ্য হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন।








































