পিরোজপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, থানায় মামলা

নভেম্বর ০৩ ২০২৩, ১৮:২৯

পিরোজপুর প্রতিনিধি ‍॥ পিরোজপুরের মাছিমপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হওয়ার ঘটনায় স্বামী রিয়াজ শেখকে আসামি করে পিরোজপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

শুক্রবার (০৩ নভেম্বর) সদর থানায় নিহত লাইজু বেগমের ভাই শাকিল শেখ বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মাছিমপুর এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্বামী রিয়াজ শেখের ছুরিকাঘাতে নিহত হয় লাইজ বেগম।

নিহত লাইজু বেগম (৩৫) পিরোজপুর শহরের মাছিমপুর এলাকার রিয়াজ খানের স্ত্রী এবং পিরোজপুর সদর উপজেলার কালিকাঠী গ্রামের মোস্তফা শেখের মেয়ে। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী রিয়াজ খান পলাতক রয়েছে। রিয়াজ খান (৩৮) পিরোজপুর সদর উপজেলার মাছিমপুর এলাকার সোহরাব খানের ছেলে এবং তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লাইজুর ব্যাংক একাউন্টে কিছু টাকা জমা ছিল। বেশ কিছুদিন ধরে তার স্বামী রিয়াজ শেখ তা থেকে ৫০ হাজার টাকা চেয়ে আসছিল।

আর এ টাকা নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এ নিয়ে আবারও ঝগড়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে লাইজু ঘর থেকে বেরিয়ে শহরে যেতে গেলে রিয়াজ আগেই বেরিয়ে বাড়ির একটু দূরে যুুব উন্নয়ন অফিসের পাশে ওঁৎ পেতে থাকে। সেখান থেকে যাবার সময় সে লাইজুর ওপর ঝাঁপিয়ে পড়ে ছুরিকাঘাত করে। এতে তার শরীরের বেশ কয়েক জায়গায় মারাত্মক ক্ষত হয় এবং রক্তক্ষরণ হতে থাকে।

এ সময় লাইজুর ডাক চিৎকারে রিয়াজ পালিয়ে যায় ও এলাকাবাসী চলে আসে। পুলিশের সহযোগিতায় এলাকাবাসী লাইজুকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়। চিকিৎসক শাকিল সরোয়ার জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। পোস্টমর্টেমের পরে মৃত্যুর কারণ বিস্তারিত বলা যাবে।

পিরোজপুর সদর থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন জানান, পুলিশ লাশ উদ্ধার ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে। পিরোজপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামি গ্রেফতারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও