১ নভেম্বর থেকে পদ্মা সেতু দিয়ে চলবে বাণিজ্যিক ট্রেন
অক্টোবর ২৯ ২০২৩, ১৯:১৩
নিজস্ব প্রতিবেদক ॥ আগামী ১ নভেম্বর থেকে পদ্মা সেতু দিয়ে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হচ্ছে। ঢাকা-খুলনার মধ্যে চলাচল করা আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ওইদিন থেকে পদ্মা সেতু হয়ে চলাচল করবে। বর্তমানে বঙ্গবন্ধু সেতু দিয়ে ট্রেন চলাচল করছে। ট্রেনটির নতুন রুট হবে কমলাপুর থেকে গেণ্ডারিয়া-কেরানীগঞ্জ-সিরাজদীখান-শ্রীনগর-মাওয়া-পদ্মা সেতু-ভাঙ্গা-রাজবাড়ী হয়ে খুলনা।
এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) অসীম কুমার তালুকদার। এর আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (পশ্চিম) খালিদুন নেছা স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, বঙ্গবন্ধু সেতু দিয়ে চলাচলকারী খুলনা-ঢাকা রুটের ৭২৫/৭২৬ নং ‘সুন্দরবন এক্সপ্রেস’ আন্তনগর ট্রেনের রুট পরিবর্তন করে পদ্মা সেতু দিয়ে চলাচল করবে। রুট পরিবর্তনের কারণে আন্তনগর ট্রেনের আসন বন্টন ও ভাড়ার তালিকা প্রস্তুত করা হয়েছে।
ট্রেনের আসন বন্টন ও ভাড়ার তালিকা অনুযায়ী টিকিট ইস্যু করার নির্দেশ প্রদান করা হলো। এ আদেশ ১ নভেম্বর থেকে কার্যকর হবে।
প্রসঙ্গত, ১০ অক্টোবর ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেলপথ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই রেলপথটি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে গড়ে তোলা হচ্ছে। ঢাকা থেকে ভাঙ্গা হয়ে যশোর পর্যন্ত এই রেলপথটি তৈরিতে খরচ হচ্ছে ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা।










































