মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ৩ ভাই নিহত

সেপ্টেম্বর ০৪ ২০২৩, ১৮:১৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নোয়াখালীর বেগমগঞ্জে তিন ভাই নিহত হয়েছেন। আজ সোমবার সকালে কাদিরপুর ইউনিয়নের বড় পোল-পৌরনবিবি বাজার সড়কের ঘাটলা হাসান হুজুরের মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘাটলা গ্রামের সর্দার বাড়ির আব্দুল দাইয়ানের ছেলে আরাফাত হোসেন শুভ (২২) ও তার ছোট ভাই মোহাম্মদ হৃদয় (১৮) এবং তাদের চাচাতো ভাই একই বাড়ির মো. কামাল হোসেনের ছেলে মো. জাহেদ (১৮)।

কাদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে আবদুর রব উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তারা তিনজন মোটরসাইকেলে পৌরণবিবির বাজার যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

বেপরোয়া গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খালে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে দুইজন এবং অপরজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

বেগমগঞ্জ থানার ডিউটি কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া