মোংলায় ভিড়ল ৩১ হাজার ৭০০ মেট্টিকটন কয়লাবাহী জাহাজ
আগস্ট ১৩ ২০২৩, ১৬:২২
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কয়লা সংকটের কারণে বন্ধ হওয়া রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন ফের চালু হচ্ছে। এজন্য ইন্দোনেশিয়া থেকে আনা হয়েছে কয়লা, চলছে লাইটার জাহাজে করে রামপাল বিদ্যুৎকেন্দ্রে নেওয়ার প্রক্রিয়া।
রোববার (১৩ আগষ্ট) বেলা পৌনে ১১টায় মোংলা বন্দরের হাড়বাড়ীয়া-১২ নম্বর বয়ায় নোঙ্গর করা ‘বসুন্ধরা ইমপ্রেস’ জাহাজে করে এই কয়লা আনা হয়।
এই চালানে ৩১ হাজার ৭০০ মেট্টিকটন কয়লা আনা হয়েছে জানিয়ে জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য মোট ৪৯ হাজার ৭০০ মেট্টিকটন কয়লা নিয়ে গত ২৪ জুলাই ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে ‘বসুন্ধরা ইমপ্রেস’ জাহাজ।
এর আগে, ৫ আগষ্ট জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে সেখানে ১৮ হাজার মেট্রিকটন কয়লা খালাস করে রামপাল বিদ্যুৎকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।
রামপাল বিদ্যুৎকেন্দ্রের উপ মহা ব্যবস্থাপক আনোয়ার উল আজিম বলেন, ‘রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য কাঙ্ক্ষিত জ্বালানি কয়লা মোংলা বন্দরে এসে পৌঁছেছে। এখন সেখান থেকে কয়লা খালাস করে বিদ্যুৎকেন্দ্রে আনার প্রক্রিয়া চলছে।
এর আগে গত ৫ আগষ্ট চট্টগ্রাম বন্দরে খালাস হওয়া ১৮ হাজার মেট্রিকটন কয়লার পুরোটাই রবিবার (১৩ আগষ্ট) বিদ্যুৎকেন্দ্রে এসে পৌঁছাছে। তবে সম্পূর্ণ কয়লা কেন্দ্রে এসে পৌঁছালে তার দু’ একদিনের মধ্যেই ফের বিদ্যুৎ উৎপাদনে যাবে রামপাল’।
১৩২০ মেগাওয়াটের সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি সমৃদ্ধ রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট বাণিজ্যিকভাবে উৎপাদনে যায় গত বছরের ২৩ ডিসেম্বর।










































