বিএনপিতে যোগ দিলেন আ. লীগ ও জাপার অর্ধশতাধিক নেতাকর্মী
জুন ২৭ ২০২৩, ১৮:৩৫
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় সংসদের বিরোধীদল জাতীয় পার্টির (জাপা) অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, আজ আওয়ামী লীগ নেতা রুশবা আহম্মেদ জাদুর নেতৃত্বে বিভিন্ন দলের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘বর্তমান সরকার কেবল ভোট নয়, মানুষের পকেটও চুরি করছে। ফ্যাসিবাদী সরকারের সঙ্গে ফয়সালা হবে রাজপথে।
এদের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। আমরা জনগণের ভোটের অধিকার আদায় করে তারপর ঘরে ফিরব।
আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে, জনগণের দাবি মেনে নিতে। এখন জাতির সামনে কোনো বিতর্ক নেই।
একটাই লক্ষ্য যে, আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার যেন আমরা প্রতিফলন ঘটাতে পারি, পূরণ করতে পারি। জনগণের একটাই দাবি, হাসিনা থাকলে কিন্তু নির্বাচনে যাবেন না। এটা সাধারণ মানুষের কথা।’
সদর থানা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, জেলা বিএনপির অন্যতম নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও আবুল হাসেম গেদু।










































