জলসাকে কেন্দ্র করে পুলিশ-মুসল্লিদের সংঘর্ষ: সাংবাদিকসহ আহত ৫০

মার্চ ০৩ ২০২৩, ১৯:২৮

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আহমদিয়া সম্প্রদায়ের বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে। শুক্রবার (০৩ মার্চ) জুমার নামাজের পর আহমদিয়া সম্প্রদায়ের জলসা বন্ধ করার দাবিতে বিভিন্ন এলাকা থেকে মিছিলযোগে পঞ্চগড় জেলা শহরে জড়ো হয় মুসল্লিরা।

সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের ডাকে বিভিন্ন ইসলাম ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা যোগ দেয় মিছিলে। মিছিলটি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মহাসড়ক ধরে চৌরঙ্গী মোড়ে আসলে পুলিশ তাতে বাধা দেয়।

এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা করে এবং ইট পাটকেল ছুড়তে থাকে। জবাবে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি যোগ দেয়।

এদিকে পঞ্চগড় বাজারে আহমদিয়াদের দুটি দোকান ও আহম্মদনগর এলাকায় আহমদিয়াদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে উগ্রবাদীরা। এ ছাড়া পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি করতোয়া তীরে ট্রাফিক পুলিশের অফিসটি জ্বালিয়ে দেয় তারা। ঘরবাড়িতে অগ্নিসংযোগ করলেও তাদের বাধার কারণে ফায়ার সার্ভিস পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

এ ছাড়া আশপাশের জেলা থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। দফায় দফায় চলতে সংঘর্ষ। বিভিন্ন অলি গলি ও পথ ঘাটে চোরাগোপ্তা হামলা করছে বিক্ষোভকারীরা। এমনকি গণমাধ্যমকর্মীদের ওপরেও হামলা ও তাদের ক্যামেরা ভাঙচুর করেছে তারা। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতের সংখ্যা আরো বাড়তে পারে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা এখনো কোনো মন্তব্য করতে চাইছেন না। এর আগে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের ডাকে সহস্রাধিক মুসল্লি প্রায় চার ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া