টাকা আত্মসাৎ করতে ভাড়াটে খুনি দিয়ে মুক্তিযোদ্ধা বাবাকে খুন!
ফেব্রুয়ারি ১২ ২০২৩, ২৩:৩৯
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সম্পত্তি ও ৩০ লাখ টাকা আত্মসাৎ করতেই বীর মুক্তিযোদ্ধা বাবা আব্দুল হালিমকে (৭২) ভাড়াটে খুনি দিয়ে হত্যা করিয়েছে একমাত্র ছেলে হাফেজ মাসুদ।
হত্যাকাণ্ডের ১১ দিনের মাথায় ভাড়াটে খুনিকে গ্রেফতারের পর লোমহর্ষক রহস্য জানতে পেরেছে নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এদিকে পুলিশের তৎপরতা দেখে আত্মগোপন করেছে মাসুদ। রোববার দুপুরে পিবিআইয়ের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পুলিশ সুপার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফতুল্লার মাওলা বাজার এলাকায় নিজ বাড়িতে এই কিলিং মিশন বাস্তবায়নে ৫ লাখ টাকায় ব্যাটারিচালিত মিশুক চালক রুবেলকে ভাড়া করে মুক্তিযোদ্ধার সন্তান মাসুদ। আর নিহতের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল রুবেলের (২৭)।
ঘটনার ২ দিন পর রুবেল আত্মগোপন করায় সন্দেহের সৃষ্টি হয়। এছাড়া প্রযুক্তির মাধ্যমে ঘটনার দিন রুবেলের উপস্থিতি মুক্তিযোদ্ধার বাড়ির আশেপাশে পাওয়া যায়।
সন্দেহভাজন হিসেবে গত শনিবার রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার বোনের বাসা থেকে রুবেলকে গ্রেফতার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জিজ্ঞাসাবাদে রুবেল জানিয়েছে- ব্যাংক থেকে উঠিয়ে বাসায় রাখা বাবার ৩০ লাখ টাকা আত্মসাতের জন্য মাসুদ নিজের বাবাকে হত্যার পরিকল্পনা করে। এতে ৫ লাখ টাকায় মাসুদ তাকে ভাড়া করে। ঘটনার দিন রাত ১০টায় মাসুদের ফোন পেয়ে তাদের বাড়িতে যায় রুবেল।
রুবেলের জন্য বাসার কলাপসিবল গেট ও ফ্ল্যাটের দরজা আগে থেকেই খোলা রাখে মাসুদ। রাত ১১টার দিকে আব্দুল হালিম ঘুমিয়ে পড়লে মাসুদ তার বাবার হাত-পা চেপে ধরে এবং রুবেল তার গলাটিপে শ্বাসরোধের চেষ্টা করে।
এ সময় মুক্তিযোদ্ধা আব্দুল হালিম চিৎকার করার চেষ্টা করলে রুবেল তার মুখের ওপর বালিশ চাপা দেয়। এতে আব্দুল হালিম নিথর হয়ে পড়লে মাসুদ তার কক্ষে থাকা রক্তচাপ মাপা যন্ত্র এনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়।
পরিকল্পনা অনুযায়ী রুবেলকে ৫ লাখ টাকা দিয়ে সিসিটিভি ক্যামেরার হার্ডড্রাইভ বাইরে কোথাও ফেলে দিতে বলে মাসুদ। পরে হত্যার ঘটনা ভিন্ন খাতে নিতে ডাকাতির নাটক সাজাতে মাসুদকে পাটের দড়ি দিয়ে হাত, পা ও গামছা দিয়ে মুখ বেঁধে রেখে যায় রুবেল।
পিবিআই পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধা আব্দুল হালিমের মেয়ের জামাতার দায়ের করা মামলার তদন্তের দায়িত্ব পাওয়ার পর রুবেলকে তার বোনের বাসা থেকে গ্রেফতার করা হয়।
এরপর তার দেওয়া তথ্যমতে নারায়ণগঞ্জের ভাড়া বাসার ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ৪ লাখ ৪৩ হাজার টাকা জব্দ করা হয়।
এছাড়া ভুক্তভোগীর বাড়ির পেছন থেকে সিসিটিভি ক্যামেরার হার্ডড্রাইভ উদ্ধার করা হয়। আলামত হিসেবে হত্যাকাণ্ডে ব্যবহৃত পাটের দড়ি, গামছা, বালিশ, ডিজিটাল ব্লাডপ্রেশার মাপার মেশিন জব্দ করা হয়।
এ ঘটনায় শনিবার বিকালে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে রুবেল। মাসুদকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আ/ মাহাদী










































