‘দালাল’ বলায় প্রধান শিক্ষককে পেটালেন আওয়ামী লীগ নেতা
জানুয়ারি ২১ ২০২৩, ০০:০৬
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কুড়িগ্রামের রৌমারীতে বিদ্যালয়ের নিয়োগ-সংক্রান্ত বিরোধের জের ধরে এক প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে উপজেলা আওয়ামী লীগ নেতা রোকনুজ্জামান রোকনের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে।
পেটানোর এ দৃশ্য ধারণ হয় সিসি টিভি ক্যামেরায়। পরে উপস্থিত লোকজন আহত ওই প্রধান শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ওইদিন রাত ৮টার দিকে ওই প্রধান শিক্ষক বাদী হয়ে আওয়ামীলীগ নেতা রোকনুজ্জামানসহ দু’জনের নাম উল্লেখ করে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় শিক্ষক সমাজসহ গোটা উপজেলায় বইছে সমালোচানার ঝড়।
ভুক্তভোগী নরুন্নবী উপজেলার ফুলকারচর নিশ্চুপ মাধ্যমিক বিদ্যালেয়র প্রধান শিক্ষক। অন্যদিকে রোকনুজ্জামান রোকন সদ্য ঘোষিত আংশিক কমিটির উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক।
ভুক্তভোগী প্রধান শিক্ষক নরুন্নবী অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে উপজেলা আওয়ামী লীগ নেতা রোকনুজ্জামান রোকন ও আসাদুল ইসলামের বিরোধ চলে আসছিল।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে থেকে কাজ শেষ করে উপজেলা চত্বরে গেলে রোকন ও তার সঙ্গীয় লোকজন জোরপূর্বক তুলে নিয়ে পলি বাস কাউন্টারে আটকে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণ নাশের হুমকি দেন।
পরে মোটরসাইকেলে করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়রার কাছে নিয়ে যায় রোকন। সেখানে ঘটনা খুলে বলার একপর্যায় রোকন ক্ষিপ্ত হয়ে গালে এলোপাতাড়ি চড়থাপ্পর ও কিল ঘুষি মারতে থাকে।
একপর্যায়ে সাধারণ সম্পাদক চেয়ার থেকে উঠে রোকনকে থামান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় রোকনসহ দু’জনের নাম উল্লেখ করে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।
প্রধান শিক্ষককে পেটানোর বিষয়টি স্বীকার করে রৌমারী উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক রোকনুজ্জামান রোকন বলেন, ‘নিয়োগ সংক্রান্ত বিষয়ের জের ধরে ওই প্রধান শিক্ষক আমাকে দালাল বলেছেন। এ সময় আমি নিজেকে সংযত রাখতে না পেরে তাকে দু’টো থাপ্পর মেরেছি।’
রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়রা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তার ভাষ্য, রোকনুজ্জামান রোকন ওই প্রধান শিক্ষককে আমার অফিস কক্ষে নিয়ে আসেন।
ওই প্রধান শিক্ষক কথা বলার সময় হঠাৎ তাকে চড়থাপ্পড়, কিলঘুষি মারতে থাকেন রোকন। এটা মোটেও ঠিক করেনি। বড় মাপের অন্যায় করেছে তিনি।
তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কি-না এমন প্রশ্নে তিনি আরও বলেন, বিষয়টি উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে জানানো হয়েছে। শিগগির তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
আ/ মাহাদী










































