৬ দফা দাবিতে ব্যাটারিচালিক যানবাহন চালকদের সংবাদ সম্মেলন
জানুয়ারি ১৮ ২০২৩, ১৮:০২
নিজস্ব প্রতিবেদক ॥ ব্যাটারিচালিত যানবাহনকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় প্রস্তাবিত ‘থ্রি হুইলার নীতিমালা ২০২১’ অনুযায়ী বিআরটিএ কর্তৃক সরকার অনুমোদিত বৈধ লাইসেন্স প্রদানের দাবিসহ ৬ দফা দাবি জানিয়েছে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।
দাবি আদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে সংগঠন দুটি বরিশালে সংবাদ সম্মেলন করেছে। গতকাল বুধবার (১৮ জানুয়ারী) বরিশাল বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ বরিশাল জেলার সংগঠন শাহিন শরীফ।
এসময় তিনি বলেন, আমরা ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের অন্তর্ভুক্ত বরিশালে অবস্থানরত ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশার চালকবৃন্দ দীর্ঘ ১২ বছর ধরে বরিশালসহ সারাদেশে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্সের দাবিতে আন্দোলন করে আসছি।
আমাদের দাবিগুলো হলো- ব্যাটারিচালিত যানবাহনের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় প্রস্তাবিত ‘থ্রি হুইলার নীতিমালা ২০২১’ অনুযায়ী বিআরটিএ কর্তৃক সরকার অনুমোদিত বৈধ লাইসেন্স দেওয়া, ব্যাটারিচালিত যানবাহনের জন্য ট্রাফিক মামলার জরিমানা অনধিক ৫০০ টাকা নির্ধারণ করা, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পার্কিং স্ট্যান্ড নির্ধারণ করা, মহাসড়কে থ্রি হুইলার চলাচলের জন্য সার্ভিস লেন চালু করা, ব্যাটারিচালিত যানবাহনের চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়-হয়রানি বন্ধ করা, ব্যাটারিচালিত যানবাহনের চালকদের প্রশাসনিক উদ্যোগে প্রশিক্ষণের ব্যবস্থা করা।
সংবাদ সম্মেলনে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিদের কেন্দ্রীয় উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্তী, বরিশাল জেলার সংগঠক দুলাল মল্লিক, আব্দুল মানিক হাওলাদারসহ নেতারা উপস্থিত ছিলেন।








































