বরিশালে অপহৃত দুই ছাত্রী উদ্ধার ॥ গ্রেফতার-২

ডিসেম্বর ০৬ ২০২২, ১৭:২৩

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার দুটি গ্রামের দুই স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় দায়ের করা পৃথক মামলায় দুই অপহৃতা ছাত্রীকে উদ্ধার ও দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

উদ্ধারকৃত স্কুল ছাত্রীদের ডাক্তারী পরীক্ষা শেষে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, উপজেলা বড়মগড়া গ্রামের বাসিন্দা ও উপজেলা সদরের শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে গত ২ ডিসেম্বর অপহরন করা হয়।

 

এ ঘটনায় পাকুরিতা গ্রামের খগেন পান্ডের ছেলে জয় পান্ডেকে (১৯) আসামি করে গত ৪ ডিসেম্বর অপহৃতা ছাত্রীর বাবা থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী অফিসার এসআই আলী হোসেন সোমবার দিবাগত রাতে অপহৃতা ছাত্রীকে উদ্ধার করেন।

এসময় অপহরণকারী জয় পান্ডে ও তার সহযোগী ঝন্টু জয়ধরকে গ্রেফতার করেন। অপরদিকে উপজেলার মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা ও সাহেবেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে গত ৪ ডিসেম্বর অপহরন করে পাশ^বর্তী উত্তর ধামুরা গ্রামের মিন্টু মীরের ছেলে ইয়াসিন মীর (২৯)।

এ ঘটনায় অপহৃতা ছাত্রীর বাবা বাদী হয়ে সোমবার থানায় তিনজনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। থানা পুলিশ রাতে অভিযান চালিয়ে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও