বরিশালে নৌ-পুলিশের অভিযানে ৫ মন জাটকা জব্দ
ডিসেম্বর ০৩ ২০২২, ১৭:৫৬
নিজস্ব প্রতিবেদক ।। ইলিশ সম্পদ রক্ষায় বরিশাল নৌ-পুলিশের জাটকা বিরোধী অভিযানে ৫ মন জাটকা জব্দ করা হয়েছে। গতকাল (২ ডিসেম্বর) রাত আনুমানিক ৯-১২টা পর্যন্ত শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোল সংলগ্ন রাস্তায় জাটকা বিরোধী এ অভিযান পরিচালনা করেন নৌ পুলিশের টিম।
নৌ-পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার (এসপি) কফিল উদ্দিন এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির ও বরিশাল জোনের সহকারী পুলিশ সুপার দীন ই আলম এর নেতৃতে এই অভিযান চালানো হয়।
এ সময় সেতুর ঢালে টোলঘর সংলগ্ন স্থানে ঢাকাগামী একাধিক পরিবহনে অভিযান চালিয়ে আনুমানিক ৫ মন জাটকা জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও অসহায়-দু:স্থ মানুষের মাঝে বিতরন করা হয়েছে। নৌ পুলিশ বরিশাল জোনের সহকারী পুলিশ সুপার দীন ই আলম জানান, নৌ পুলিশ সর্বদা জাটকা বিরোধী অভিযানসহ মাদক ও যেকোন ধরনের অপরাধের বিরুদ্ধে সোচ্চার রয়েছে । নৌ পুলিশের এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।








































