ভোলা পৌরসভার সড়কের বেহাল দশা

জুলাই ১৯ ২০২৬, ২১:২৬

প্রথম শ্রেণির ভোলা পৌরসভার ১২০ কিলোমিটার পাকা সড়কের মধ্যে ৮০ কিলোমিটার সড়কের অধিকাংশ স্থানেরই এখন বেহাল দশা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত, উঠে গেছে পিচ। সামান্য বৃষ্টিতেই গর্তে জমে থাকে পানি, ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় পৌরবাসীকে।

কোথায় রাস্তা আর কোথায় গর্ত-তা বোঝাই কঠিন হয়ে পড়েছে। এতে ঘটনা দুর্ঘটনা আর বাড়ছে ভোগান্তি।

পৌরবাসী বার বার সংস্কারের জন্য দাবি জানিয়ে এলেও তা বাস্তবায়ন হয়নি, তবে পৌর কর্তৃপক্ষ বলছে, দ্রুতই সড়কের সংস্কার শুরু হবে। জানা গেছে, ৩১ দশমিক ৪১ বর্গকিলোমিটারের ভোলা পৌরসভায় ১২০ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। এর মধ্যে বর্তমানে ৮০ কিলোমিটার পাকা সড়কের বেহাল দশা।

সবচেয়ে বেশি নাজুক অবস্থা শহরের জেলা প্রশাসক কার্যালয়, ওয়েস্টার্ন পাড়া, ডোম কলনি ও দরগাহ সড়ক, হোমিও কলেজ মোড়ের সড়ক এবং পৌর এলাকার আওতায় তুলাতলী প্রবেশ সড়কের। এসব সড়ক দিয়ে যানবাহন চালানো খুবই ঝুঁকিপূর্ণ। প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হয় পৌরবাসীকে।

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য বড় বড় গর্ত। এতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী ও যানবাহনের চালকরা।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে সড়কগুলোর স্থায়ী সংস্কার না হওয়ায় প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে মোটরসাইকেল ও অটোরিকশা চলাচলে সবচেয়ে বেশি ঝুঁকি তৈরি হয়েছে।

ভোলা পৌরসভার বাসিন্দা ইয়াকুব, রাহিম এবং জাকির বলেন, পৌর সড়কগুলোর অবস্থা খুবই খারাপ। বড় বড় গর্ত হয়ে বৃষ্টির পানি জমে আরও দুর্ভোগ বেড়েছে।

অটোচালক মোসলে উদ্দিন ও নাগর বলেন, চলাচলের অনুপযোগী এসব সড়কে চলাচল করতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। সবচেয়ে বেশি খারাপ সামসুদ্দিন মার্কেট চত্বর থেকে মডেল থানা পর্যন্ত সড়ক।

এদিকে ভাঙাচোরা সড়কের কারণে বাড়ছে যানবাহনের রক্ষণাবেক্ষণ ব্যয়, পাশাপাশি সময়ও নষ্ট হচ্ছে। সেই সঙ্গে বাড়ছে দুর্ঘটনা। দুভোগে কোমলমতী শিক্ষার্থীরাও।

চলতি বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। জরুরি প্রয়োজনে রোগী পরিবহনেও দুর্ভোগ পোহাতে হয়।

তবে পৌরসভার প্রশাসক মো. বেলাল হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত সড়কগুলোর মধ্যে যেগুলো খুবই নাজুক, সেগুলো দ্রুত মেরামত করা হবে। বাকিগুলো পর্যায়ক্রমে বরাদ্দ হলেই কাজ শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও