১৭ বছরে এ দেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল: ববি উপাচার্য

জুলাই ১৯ ২০২৬, ২০:৪৪

১৮ জুলাই প্রথম ফ্যাসিস্ট বাহিনীমুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস। ২০২৪ সালের এদিনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্বার আন্দোলন ও প্রতিরোধের মুখে ফ্যাসিস্ট বাহিনী বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করতে বাধ্য হয়।
আর তাই প্রতিবছর এদিনটিকে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনীমুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে রোববার (১৯ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে একটি র‍্যালির আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদের নেতৃত্বে র‍্যালিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ। এ সময় উপাচার্য বলেন, বাংলাদেশ তার নিজস্ব গতিতে চলবে, অন্য কারো ইচ্ছায় এ দেশ পরিচালিত হবে না।
জুলাই আমাদের এ শিক্ষাই দেয়। ১৭ বছরে এ দেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাখাত ও আর্থিক খাত। শিক্ষাকে ধ্বংস করে জাতিকে মেধা শূন্য করার চেষ্টা করা হয়েছিল। আজকের পরিবর্তিত পরিস্থিতিতে আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। এর জন্য আমাদের সবার আগে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রত্যেককে তার নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে।

তিনি আরও বলেন, আমরা কারো সঙ্গে বৈষম্য করবো না, যার যতটুকু প্রাপ্য নিয়মের মধ্যে থেকে তার সে প্রাপ্যতা নিশ্চিত করা হবে। তবে বিশ্ববিদ্যালয়কে অশান্ত বা অস্থিতিশীল করার চেষ্টা করা হলে তা কোনোভাবেই সহ্য করা হবে না।

সভায় আরও বক্তব্য দেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মো. হারুন-অর-রশিদ, শেরে বাংলা হলের প্রভোস্ট ড. আবদুল আলিম বছির এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ। কর্মকর্তাদের মধ্যে প্রকৌশল শাখার উপ-প্রধান প্রকৌশলী মুরশীদ আবেদীন, কর্মচারীদের মধ্যে হাসানুজ্জামান ও ইব্রাহিম বক্তব্য দেন।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন ইতিহাস বিভাগের মোশারেফ হোসেন, রসায়ন বিভাগের রাকিব এবং বাংলা বিভাগের মনিরুল ইসলাম।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক জুলাই স্মৃতিফলক ও জুলাই-২৪ স্মরণিকা প্রস্তুতকরণ কমিটির আহ্বায়ক ড. মো. আলমগীরের মোল্লার সভাপতিত্বে সভায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভাটি সঞ্চালনা করেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক এবং সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও