স্কুলছাত্রদের দেখে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার

জুলাই ১৩ ২০২৬, ২০:০৮

গৌরনদীর কর্মসূচি শেষ করে মাত্রই বরিশাল শহরের দিকে রওনা হয়েছিল প্রধানমন্ত্রীর গাড়ি বহর। হঠাৎ বাবুগঞ্জের ‘শিশু নিকেতন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়’ এর সামনে আসতেই প্রধানমন্ত্রীর নজর কাড়ে সড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা একঝাঁক খুদে শিক্ষার্থী। প্রটোকল আর কড়া নিরাপত্তার তোয়াক্কা না করে মুহূর্তেই দাঁড়িয়ে গেল প্রধানমন্ত্রীর গাড়ি। গাড়ি থেকে নেমে সোজা শিক্ষার্থীদের মাঝে গিয়ে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানকে এত কাছে পেয়ে খুদে শিক্ষার্থীদের চোখে-মুখে তখন বিস্ময় আর আনন্দ।

সোমবার (১৩ জুলাই) দুপুরে বাবুগঞ্জ ও বরিশাল নগরীতে প্রধানমন্ত্রীর সফরের মাঝে তৈরি হয় এমন এক চমৎকার ও মানবিক আবহ।

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে ছবি তোলার আবদার জুড়ে দেয় স্কুলের কোমলমতি শিশুরা। তাদের আবদার ফেলতে না পেরে প্রধানমন্ত্রী নিজেই এক শিক্ষার্থীর মোবাইল ফোন হাতে নিয়ে বেশ কয়েকটি চমৎকার সেলফি তুলে দেন। এরপর তিনি স্কুলের ক্রীড়া শিক্ষককে ডেকে শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ-সুবিধা ও আগ্রহের বিষয়ে খোঁজখবর নেন। শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে প্রধানমন্ত্রীর নানা প্রশ্নের উত্তর দেয়। পড়ালেখার পাশাপাশি মন ও শরীর ভালো রাখতে নিয়মিত খেলাধুলার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শিশুদের হাতে ফুটবল, ব্যাডমিন্টন ও দাবাসহ বিভিন্ন প্রকার ক্রীড়াসামগ্রী উপহার হিসেবে তুলে দেন। প্রধানমন্ত্রীর এই আকস্মিক ও আন্তরিক আচরণে গোটা এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

পরে প্রধানমন্ত্রী বাবুগঞ্জের রহমতপুরে চলমান সেনাবাহিনীর ঐতিহ্যবাহী গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেন। সেখানে সামরিক কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় শেষে তিনি বরিশাল মহানগরীর উদ্দেশ্যে রওনা হন।

প্রধানমন্ত্রী বরিশাল শহরে প্রবেশ করতেই পুরো রাস্তা জনসমুদ্রে পরিণত হয়। সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ ফুল ছিটিয়ে এবং বিভিন্ন আঞ্চলিক দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রধানমন্ত্রীকে রাজকীয় অভ্যর্থনা জানান। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে কীর্তনখোলার এই প্রাচীন শহর।

নগরীতে ঢুকেই প্রধানমন্ত্রী সোজা চলে যান ত্রিশ গোডাউন এলাকায়। সেখানে পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে সরকারের মেগা প্রকল্পের অংশ হিসেবে সাগরদী খালের দুই পাড়ে একযোগে সাড়ে তিন শতাধিক গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং নিজ হাতে চারা রোপণ করেন।

ব্যস্ততম এই মাঠপর্যায়ের সফর শেষে বিকেলে প্রধানমন্ত্রী বরিশাল সার্কিট হাউসে পৌঁছান। সেখানে সংক্ষিপ্ত বিশ্রাম ও মধ্যাহ্নভোজ শেষে তিনি বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত স্থানীয় বিএনপির গুরুত্বপূর্ণ দলীয় সাংগঠনিক সভায় যোগ দেন। সেখানে বিভাগের রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক রূপরেখা নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের দিকনির্দেশনা দিচ্ছেন সরকার প্রধান।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও