বাউফলে তালাবদ্ধ আ‘লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন
মে ৩১ ২০২৬, ১৩:৪১
তবে আজ রবিবার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে কার্যালয়টির সামনে দলীয় পতাকা দেখা না গেলেও জাতীয় পতাকা উড়তে দেখা গেছে।
স্থানীয়রা জানান, পথচারীরা শনিবার রাত ১১টার দিকে কার্যালয়ের সামনের পতাকা ষ্টান্ডে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উড়তে দেখতে পান। ওই সময় কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় ছিল। ফলে কারা এবং কীভাবে সেখানে পতাকা উত্তোলন করেছে, তা নিয়ে এলাকাজুড়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের সঙ্গে রাজনৈতিক বিরোধের জেরে বাউফল থানার অদূরে পৃথক একটি দলীয় কার্যালয় স্থাপন করে কর্মকাণ্ড পরিচালনা করতেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার সাবেক মেয়র জিয়াউল হক জুয়েল। ওই কার্যালয়টি স্থানীয়ভাবে ‘জুয়েল গ্রুপের কার্যালয়’ হিসেবে পরিচিত।
এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয় ‘জনতা ভবন’-এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ একাধিক মামলায় কারাবন্দী রয়েছেন। অন্যদিকে, সাবেক মেয়র জিয়াউল হক জুয়েল পলাতক বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বাউফল থানার পাশের ব্যস্ততম সড়কে অবস্থিত একটি তালাবদ্ধ দলীয় কার্যালয়ে হঠাৎ করে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের ঘটনা তাদের বিস্মিত করেছে। তাদের দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কারা তালাবদ্ধ কার্যালয়ে পতাকা উত্তোলন করেছে তা শনাক্তের চেষ্টা চলছে। তদন্তে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









































