পটুয়াখালীতে ২ কোটি টাকার চোরাই সুপারিসহ আটক ৬
মে ১৮ ২০২৬, ২২:০৫
পটুয়াখালীতে মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ২ কোটি টাকা মূল্যের ২৪ হাজার ৬৩০ কেজি সুপারিসহ ছয়জন চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় সুপারি পরিবহনে ব্যবহৃত চারটি ট্রাকও জব্দ করা হয়েছে।
সোমবার (১৮ মে) সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। কোস্টগার্ড জানায়, গত শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন পটুয়াখালী কর্তৃক সদর থানাধীন হেতালিয়া বাঁধঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহভাজন চারটি ট্রাকে তল্লাশি চালায় কোস্টগার্ড। এ সময় অবৈধভাবে মিয়ানমার থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ২৪ হাজার ৬৩০ কেজি সুপারি উদ্ধার করা হয়। জব্দকৃত এসব সুপারির আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯৭ লাখ ৪ হাজার টাকা।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুপারি ও ট্রাকসহ ছয়জন পাচারকারীকে আটক করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত সুপারি, ট্রাক এবং আটক ব্যক্তিদের পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, অবৈধ চোরাচালান ও শুল্ক ফাঁকি রোধে কোস্টগার্ডের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









































