নিষেধাজ্ঞার ১৫ দিনেও জেলেদের হাতে পৌঁছায়নি খাদ্য সহায়তার চাল

মার্চ ১৫ ২০২৬, ১৯:১৫

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর ১৫ দিন পার হলেও পটুয়াখালীর বাউফল উপজেলার জেলেদের মধ্যে এখনো খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। এতে কর্মহীন হয়ে পড়া জেলে পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের ছয়টি ইলিশ অভয়াশ্রমে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাউফল ও দশমিনা উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া তেঁতুলিয়া নদীর প্রায় ১০০ কিলোমিটার এলাকা এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

এ সময় নদীতে মাছ ধরা বন্ধ থাকায় উপজেলার প্রায় ছয় হাজার জেলে কর্মহীন হয়ে পড়েছেন। এসব জেলে পরিবারের জন্য সরকার ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতি মাসে ৪০ কেজি করে দুই মাসে মোট ৮০ কেজি খাদ্য সহায়তার চাল বরাদ্দ দিয়েছে।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ গত ২৪ ফেব্রুয়ারি উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার চেয়ারম্যান ও প্রশাসকদের কাছে চাল উত্তোলন ও বিতরণের ছাড়পত্র দেয়। নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা উপজেলা খাদ্যগুদাম থেকে চাল উত্তোলন করে জেলেদের মধ্যে বিতরণ করবেন।

তবে উপজেলার বিভিন্ন জেলেপাড়া ঘুরে জানা গেছে, নিষেধাজ্ঞার ১৫ দিন পার হলেও তালিকাভুক্ত অনেক জেলে এখনো চাল পাননি। পবিত্র রমজান মাসে আয়-রোজগার বন্ধ থাকায় অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছেন।

চন্দ্রদ্বীপ ইউনিয়নের জেলে মাহবুব বেপারী বলেন, “নদীতে মাছ ধরা বন্ধ থাকায় খুব কষ্টে আছি। রোজার মাসে ধার করে সংসার চালাতে হচ্ছে। চেয়ারম্যানকে চালের কথা বললে তিনি বলেন, এখন নয়—ঈদের পর দেওয়া হবে।”

কালাইয়া ইউনিয়নের জেলে জামাল হাওলাদার বলেন, “মাছ ধরা আমাদের একমাত্র আয়ের উৎস। চার সদস্যের পরিবার নিয়ে অনেক কষ্টে আছি। চালের বিষয়ে জানতে চাইলে কেউ স্পষ্ট কিছু বলেন না।”

অভিযোগের বিষয়ে চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল বশার মৃধা বলেন, ট্রলারের সংকট থাকায় খাদ্যগুদাম থেকে চাল আনা সম্ভব হয়নি। ঈদের পর চাল বিতরণ করা হবে।

কালাইয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফিরোজ হাওলাদার বলেন, “আগে ১০ টাকা কেজি দরের চাল বিতরণ শেষ করতে হচ্ছে। এরপর জেলেদের চাল দেওয়া হবে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, জেলেদের চাল দ্রুত বিতরণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ঈদের আগেই চাল বিতরণ নিশ্চিত করতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও