এবার নির্বাচনের পরিবেশ অনেক বেশি ইতিবাচক ও শান্তিপূর্ণ : ইসি সানাউল্লাহ
জানুয়ারি ৩০ ২০২৬, ১৭:৩৯
গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ‘হ্যাঁ’ বা ‘না’র পক্ষে কোনো ধরনের অবস্থান নিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মো. সানাউল্লাহ। তবে তারা আইনগত ব্যাখ্যা প্রদান ও সাধারণ জনগণকে সচেতন করার কাজ করতে পারবেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জেলা আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, গণভোট বিষয়ে সরকার কোনো অতিরিক্ত অর্থ ব্যয় করেনি এবং নতুন কোনো নির্দেশনাও দেয়নি। আমরা কেবল গণভোট অধ্যাদেশ ২০২৫-এর ২১ নম্বর ধারার আলোকে বিষয়টি স্পষ্ট করেছি। সাধারণ নির্বাচনে যেসব কার্যক্রম নিষিদ্ধ, সেগুলোই গণভোটের ক্ষেত্রেও প্রযোজ্য। সে অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কোনো পক্ষের পক্ষে বা বিপক্ষে অবস্থান নিতে পারবেন না।
তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা শুধুমাত্র জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন, কিন্তু ‘হ্যাঁ’ বা ‘না’র পক্ষে কোনো মতামত প্রদান করতে পারবেন না।
নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচনের আর মাত্র ১২ দিন বাকি। পটুয়াখালীতে নির্বাচনী প্রস্তুতি সন্তোষজনক। আশা করছি এখানে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই নির্বাচনের মূল শক্তি হবে।
তিনি উল্লেখ করেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এ বছর নির্বাচনের পরিবেশ অনেক বেশি ইতিবাচক ও শান্তিপূর্ণ।
পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মো. শহীদ হোসেন চৌধুরী। সভায় সহকারী রিটার্নিং অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কোর অফিসার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় নির্বাচন কমিশনার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।








































