রক্ষণাবেক্ষণের অভাবে ৯৯টি লোহার সেতু এখন মৃত্যুফাঁদ

জানুয়ারি ১৭ ২০২৬, ২০:১৯

  ইমরান হোসাইন, আমতলী: বরগুনার আমতলী উপজেলায় রক্ষণাবেক্ষণের অভাবে ৯৯টি লোহার সেতু বর্তমানে কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। যেকোনো সময় এসব সেতু ধসে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। বারবার দুর্ঘটনা ও প্রাণহানির পরও স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ না থাকায় চরম উদ্বেগ বিরাজ করছে।

হলদিয়া বাজারের সেতু ধসের পর পুরো ইউনিয়নের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রায় ৫০ হাজার মানুষের চলাচলের একমাত্র মাধ্যম ছিল ওই সেতুটি। বর্তমানে নারী সংসদ সদস্য প্রভাষক ফারজানা সুমির অনুদানে সেখানে একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। সেই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়েই নারী, শিশু ও শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে।

হলদিয়া ইউনিয়নের ইউপি সদস্য রুহুল আমিন বলেন, ‘ব্রিজ ভেঙে যাওয়ার পর আমাদের চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। এখন মহিলা এমপির অনুদানে বাঁশের সাঁকো দিয়ে কোনোরকমে চলাচল করছি।’

হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের বাঁশবুনিয়া খালের সেতুটি ২০১৬ সালে ঘূর্ণিঝড় রোয়ানুর সময় ধসে পড়ে। দীর্ঘ ৯ বছরেও সেখানে নতুন সেতু নির্মাণ হয়নি। এলাকাবাসী বাধ্য হয়ে ডিঙি নৌকায় খেয়া পারাপার চালু করেছেন। কাউনিয়া খালের সেতু ধসের পর স্থানীয়রা চাঁদা তুলে প্লাস্টিকের ড্রাম ও কাঠ দিয়ে ভাসমান সেতু তৈরি করেছেন। প্রতিদিন শত শত শিক্ষার্থী এসব ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করে স্কুলে যাচ্ছে।

স্থানীয় শিক্ষক মোজাম্মেল হক বলেন, ‘এক পাশে স্কুল, আরেক পাশে গ্রাম। সেতু না থাকায় বাঁশের সাঁকোই এখন হাজারো মানুষের একমাত্র ভরসা।’

উপজেলা এলজিইডির তথ্য অনুযায়ী, গুলিশাখালী ইউনিয়নে ২৫টি, আঠারগাছিয়ায় ২১টি, হলদিয়ায় ১৮টি, চাওড়ায় ১২টি, আরপাঙ্গাশিয়ায় ৮টি, আমতলী সদরে ৮টি, কুকুয়ায় ৪টি এবং পৌরসভা এলাকায় ৪টি—মোট ৯৯টি সেতু বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘৯৯টি ঝুঁকিপূর্ণ সেতুর তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। আপাতত সতর্কীকরণ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এসব সেতু অপসারণ করে গার্ডার সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে।’

বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মেহেদি হাসান খান বলেন, ‘অধিক ঝুঁকিপূর্ণ সেতুগুলো অগ্রাধিকার তালিকায় পাঠানো হয়েছে। দ্রুত কাজ শুরু করার আশা করছি।’

স্থানীয়দের আশঙ্কা, বারবার সেতু ধস, প্রাণহানি ও দুর্ভোগের পরও যদি উদ্যোগ কেবল ‘আশা’ আর ‘পরিকল্পনা’-তেই সীমাবদ্ধ থাকে, তবে আমতলীর মানুষকে আরও লাশ গুনতে হবে। সতর্কীকরণ সাইনবোর্ড নয়—জরুরি ভিত্তিতে টেকসই ও স্থায়ী সেতু নির্মাণই এখন সময়ের দাবি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

এক্সক্লুসিভ আরও