সংকট মোকাবিলায় সরকারের কার্যকর উদ্যোগ কোথাও দেখা যাচ্ছে না : রিজভী

নভেম্বর ১৬ ২০২৫, ১৯:১৭

অন্তর্বর্তী সরকারের নীতি ও দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশের গুরুত্বপূর্ণ সংকট মোকাবিলায় সরকার কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না।

রোববার (১৬ নভেম্বর) সকালে পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নে আব্দুল গনি জমাদ্দারের পরিবারের খোঁজখবর নিতে গিয়ে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বর্তমান সময়ে বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাপন চরমভাবে কঠিন হয়ে পড়েছে। এসব সংকট মোকাবিলায় সরকারের কার্যকর উদ্যোগ কোথাও দেখা যাচ্ছে না। যখন মানুষ কষ্টে থাকে, তখন সরকারের দায়িত্ব আরও বাড়ে। কিন্তু তারা উল্টো মানুষের দুঃখ-দুর্দশার প্রতি উদাসীন আচরণ করছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির এই শীর্ষ নেতা অভিযোগ করে বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের যে যোগাযোগ ও পিআর পদ্ধতি গ্রহণ করা হচ্ছে, তা স্বচ্ছ নয় এবং প্রশ্নবিদ্ধ। পাশাপাশি গণভোট প্রসঙ্গেও তিনি আইনি ভিত্তি, প্রস্তুতিমূলক কাঠামো এবং সংবিধান সম্মত কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

এর আগে রিজভী আব্দুল গনি জমাদ্দারের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। ‘সাত দিন ধরে পরিবারটি না খেয়ে মানবেতর দিন কাটাচ্ছে’ এমন একটি সংবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এলে তার নির্দেশনায় এ সহায়তা প্রদান করা হয় বলে জানান তিনি।

রিজভী বলেন, মানুষ এখনো না খেয়ে থাকে এটা স্বাধীন বাংলাদেশে মেনে নেয়া যায় না। আমরা বিএনপি পরিবার মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়াতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি পরিবারের পটুয়াখালী জেলা আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মোকছুদুল মোমেন মিঠুন, পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

রিজভী আরও বলেন, মানুষের পাশে থাকা আমাদের রাজনৈতিক ও মানবিক দায়িত্ব। বিএনপি সরকার গঠনের আগেই মানুষের পাশে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও