বাকেরগঞ্জে চাঁদাবাজি মামলায় যুবক গ্রেপ্তার
নভেম্বর ৩০ ২০২২, ১৮:০৪
বাকেরগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালের বাকেরগঞ্জে চাঁদাবাজি মামলায় জহিরুল ইসলাম খান জহির (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার বিকেলে ঢাপরকাঠির চেরাগ আলি মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার বাদী দুলাল ওই উপজেলার ঢাপরকাঠির চেরাগ আলি মার্কেটের ব্যবসায়ী। দুলাল জানান, জহির চেরাগ আলি মার্কেটে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ চাঁদাবাজি করে। গত ২৬ নভেম্বর ৩/৪ জনকে সঙ্গে নিয়ে মার্কেটের দোকানে প্রতি মাসে ২০ হাজার টাকা করে চাঁদা দেওয়ার দাবি জানায়। দাবি অনুযায়ী চাঁদা না পেলে প্রতিষ্ঠান ভাঙচুর, হাত-পা কেটে ফেলাসহ মামলা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেয়।
পরের দিন ২৭ নভেম্বর বাবুল সিকদারের দোকানে চাঁদা দাবি করে জহির দলের সদস্যরা। এ সময় বাবুল চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে জহির তাকে কিল-ঘুসি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ সময় ওই দলের অন্য সদস্যরা দোকান থেকে টাকা নিয়ে পালিয়ে যায়।
বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন বলেন, দুলাল হাওলাদার বাদী হয়ে জহির খান, নাইম খান, রায়হান খানের নামে অভিযোগ করে। পরে ঘটনার সত্যতা মেলায় তাদের নামে মামলা রুজু করা হয়।








































