ববির নারী কর্মকর্তার বাসায় চুরি: দুই দিনেও মামলা নেয়নি পুলিশ

নভেম্বর ৩০ ২০২২, ১৫:০৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরে দিনদুপুরে বহুতল ভবনে চুরির ঘটনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক নারী কর্মকর্তার বাসায় গত রোববার সংঘটিত ওই ঘটনায় প্রায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র খোয়া যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ওই কর্মকর্তা লিখিত অভিযোগ দেওয়ার দুই দিন পরও কোতোয়ালি থানা-পুলিশ এটি এজাহার হিসেবে গ্রহণ করেনি।

ববি কর্মকর্তা দাবি করেছেন, তাঁর মনে হচ্ছে এ ঘটনার সঙ্গে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একজন অ্যাডিশনাল এসপির (অতিরিক্ত পুলিশ সুপার) যোগসাজশ আছে। ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে বলে দাবি করেন তিনি।

জানা গেছে, রূপাতলী নতুন আবাসিক এলাকার একটি আবাসিক ভবনের চতুর্থ তলায় গত রোববার চুরি হয়। এর পরপরই মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই বাসা পরিদর্শন করেন। মঙ্গলবারও কোতোয়ালি মডেল থানার এসিসহ পুলিশ কর্মকর্তারা ওই বাসায় যান।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সগির হোসেন বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। ববির ওই কর্মকর্তা বলেন, রোববার বিকেলে বাসায় ফিরে দেখেন বাসার দরজা ভেঙে চোর ঢুকে স্বর্ণালংকার, ৩টি থ্রি-পিস, একটি পেনড্রাইভ, মূল্যবান কাগজপত্রসহ আনুমানিক ১০ লাখ টাকার মালপত্র নিয়ে গেছে।

তিনি পুলিশকে জানালে ঘটনাস্থল পরিদর্শন করেন বিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। কোতোয়ালি থানায় এ-সংক্রান্ত অভিযোগ দিলেও এখন পর্যন্ত সেটি গ্রহণ হয়েছে কি না, তা পুলিশ স্পষ্ট করেনি।

ওই নারী দাবি করেন, তাঁর সঙ্গে এপিবিএনের একজন অতিরিক্ত পুলিশ সুপারের সম্পর্ক রয়েছে। সম্প্রতি তাঁর সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় তিনি বিভিন্ন সময়ে হুমকি দিয়েছেন।

এর পরিপ্রেক্ষিতে তিনি কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরিও করতে যান। কিন্তু ওই সময় পুলিশের পক্ষ থেকে বিষয়টি দেখা হবে বলে ডায়েরি নেওয়া হয়নি। এরপরই এই চুরি সংঘটিত হলো।

তিনি বলেন, ‘আমি মনে করি এই চুরির ঘটনায় এপিবিএন অ্যাডিশনাল এসপির যোগসাজশ থাকতে পারে।’ তাঁর দাবি, প্রতারণার অভিযোগে এপিবিএন এসপির বিরুদ্ধে তিনি ১৩ নভেম্বর আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, ববি নারী কর্মকর্তার বাসায় চুরির ঘটনায় এখনো মামলা হয়নি। প্রাথমিকভাবে তাঁরা ঘটনাটি খতিয়ে দেখছেন।

বিশ্ববিদ্যালয় কর্মকর্তার বক্তব্যের সঙ্গে এজাহারের কিছুটা অসংগতি রয়েছে। ওই নারী চুরির ঘটনায় এপিবিএনের একজন অতিরিক্ত পুলিশ সুপারের ইন্ধন আছে দাবি করা প্রসঙ্গে ওসি বলেন, এ বিষয়েও খতিয়ে দেখছেন।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও