নূরের ওপর হামলার ঘটনার প্রতিবাদে বরিশালে মশাল মিছিল
জুন ১৫ ২০২৫, ১৫:৪৮
বরিশাল: বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর নুরুল হক নূর এর ওপর হামলার ঘটনার প্রতিবাদে বরিশালে মশাল মিছিল করা হয়েছে। শনিবার (১৪ জুন) রাতে পৌনে ৮ টার দিকে বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে এ মিছিল বের করে গণঅধিকার পরিষদ বরিশাল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।
গণ অধিকার পরিষদ বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আনিসুর রহমান মুন্না, বরিশাল জেলার সভাপতি শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচ এম হাসান, বরিশাল মহানগরের সহ-সভাপতি শফিকুর রহমান সাগর, যুব অধিকার পরিষদ বরিশাল মহানগরের সভাপতি মাহফুজুর রহমান, গণঅধিকার পরিষদ বাবুগঞ্জ উপজেলার আহ্বায়ক রানা আহমেদ প্রমুখ।
মশাল মিছিলটি শহিদ মিনার প্রাঙ্গণ থেকে বের হয়ে কাকলির মোড় হয়ে অশ্বিনী কুমার হল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
এসময় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক ও গণঅধিকার পরিষদের সভাপতির ওপর পটুয়াখালীর গলাচিপায় সন্ত্রাসী হামলার ঘটনায় আমরা উদ্বিগ্ন। ওই ঘটনার সাথে যারা জড়িত তাদের অবশ্যই বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।









































