বরিশাল আওয়ামী লীগের সম্মেলনে আমন্ত্রণ পান না পঙ্কজ

নভেম্বর ২৫ ২০২২, ১৭:১২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথ নির্বাচনী এলাকায় দুই দিন অবস্থান করে সম্মেলনের আগের দিন রাজধানীতে ফিরে যান। গত ৪ নভেম্বর হিজলা আওয়ামী লীগের সম্মেলনেও তিনি উপস্থিত ছিলেন না।

আজ শুক্রবার কাজীরহাট শাখার সম্মেলনেও পঙ্কজ উপস্থিত থাকবেন না। নির্বাচনী এলাকার তিনটি গুরুত্বপূর্ণ ইউনিটের সম্মেলনে তাঁর অনুপস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, দলীয় পদ হারানো পঙ্কজকে আমন্ত্রণ জানাননি সম্মেলনের আয়োজকরা।

এমনকি তাঁকে সম্মেলনে যেতে মৌখিকভাবে নিষেধ করেছেন দলের স্থানীয় এক শীর্ষ নেতা। এ কারণে টানা দু’বারের সংসদ সদস্য পঙ্কজ নিজের নির্বাচনী এলাকায় সম্মেলনে অংশগ্রহণ করছেন না।

সূত্র জানায়, স্থানীয় আওয়ামী লীগে পঙ্কজবিরোধী নেতাদের তত্ত্বাবধানে এসব সম্মেলন হচ্ছে। এ পর্যন্ত ঘোষিত হিজলা ও মেহেন্দীগঞ্জ আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদও পেয়েছেন তাঁরা। পঙ্কজ নাথের অনুসারীরা সম্মেলনে অংশগ্রহণ করলেও তাঁদের কোণঠাসা করে রাখা হয়েছে।

সব সম্মেলনে প্রধান অতিথি থাকছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ্‌। বিশেষ অতিথি হচ্ছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মি আহমেদ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, অভ্যন্তরীণ বিরোধের জেরে পঙ্কজ নাথ দলীয় পদ হারিয়েছেন। কিন্তু মেহেন্দীগঞ্জ আওয়ামী লীগে তাঁর পরিবারের অনেক ত্যাগ আছে। দলের সমর্থক হিসেবেও তাঁকে আমন্ত্রণ জানানো উচিত ছিল।

পঙ্কজ নাথকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি স্বীকার করে মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নতুন সভাপতি ও পৌর মেয়র কামাল উদ্দিন খান বলেন, দলবিরোধী কাজের জন্য তাঁকে সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ জন্য তাঁকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘দলীয় লোককে কেন আমন্ত্রণ করতে হবে? তাঁর (পঙ্কজ) দায়িত্ব ছিল উপস্থিত থেকে সবকিছু দেখভাল করার। তিনি কেন আসেননি?’

এ বিষয়ে পঙ্কজ নাথ বলেন, ‘দলের একজন সমর্থক হিসেবেও আমার সম্মেলনে যাওয়ার আগ্রহ ছিল। কিন্তু আমাকে যেতে নিষেধ করা হয়েছে।’ কে নিষেধ করেছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।

সম্মেলনে অংশগ্রহণ করেছেন পঙ্কজ নাথের অনুসারী মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম ভুলু।

পঙ্কজ নাথের অনুপস্থিত থাকার কারণ প্রসঙ্গে তিনি বলেন, বরিশালে দলীয় নেতাকর্মীর অভিভাবক হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ্‌ এমপি। তিনি দলের জন্য যেটা ভালো মনে করেন তা-ই করেন।

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ১১ সেপ্টেম্বর পঙ্কজকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি বরিশাল-৪ আসন থেকে সংসদ সদস্য হন।

২০১৬ সালে স্থানীয় আওয়ামী লীগের একাংশের সঙ্গে বিরোধে জড়ান তিনি। ওই বিরোধের জেরে কমপক্ষে ১০ জন নেতাকর্মী খুন হন।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া