মহিপুরে মাছধরা ট্রলারে বরফ তোলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত-১৬
সেপ্টেম্বর ২৭ ২০২৪, ১৭:৪১
কুয়াকাটা প্রতিনিধি।। পটুয়াখালীর মহিপুরের আশাখালি মৎস্য অবতরণ কেন্দ্রে ট্রলারে বরফ তোলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১২ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় আশাখালী মৎস্য অবতরণ কেন্দ্র সংলগ্ন মাটির পরশ আইস পাম্প নামের একটি বরফ মিল থেকে সিরিয়াল অনুযায়ী বরফ তুলতে ছিলো জেলেরা।
এসময় সিরিয়াল অনুযায়ী মিনারুল বিশ্বাস নামের মৎস্য ব্যবয়াসীর ট্রলারে আগে বরফ তোলার কথা ছিলো। তবে সিরিয়াল বাদ দিয়ে ফারুক ভূইয়া নামের মৎস্য ব্যবসায়ীর ট্রলারে বরফ তোলার চেষ্টা করে জেলেরা।
এঘটনা নিয়ে উভয় পক্ষ তর্কবিতর্কের এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে ব্যবসায়ী মিনারুল বিশ্বাসের ট্রলারের ১৬ জেলে আহত হয়।
মহিপুর থানার ওসি আনোয়ার তালুকদার জানান, দুই গ্রুপের সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।









































