ভোলায় জমি নিয়ে বিরোধ, নিজ ঘরেই বৃদ্ধার দাফন

জুলাই ০৪ ২০২৪, ১৮:২২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার দৌলতখান উপজেলায় জমিজমার বিরোধের জেরে জোবেদা খাতুন (৮৫) নামের এক বৃদ্ধাকে তার নিজ বসত ঘরের বারান্দায় মধ্যে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরের দিকে উপজেলার পশ্চিম জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আজিমদ্দি সরদার বাড়িতে এমন চিত্র দেখা যায়। সেখানে স্থানীয়রা টাকা দিয়ে ওই নারীর কবরের বাউন্ডারী পাকা করে দিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দেড় বছর পূর্বে জোবেদা খাতুনের স্বামী আব্দুর রশিদ মারা যান। সেই সময় তাকে দাফন করা হয়েছিল ভাতিজা রফিকের জায়গায়। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। দুই মেয়ের বিয়ে হয়েছে। ছেলেদের মধ্যে সফিজল ক্যান্সার আক্রান্ত।

বাকী ছেলে রফিজল ঢাকায় সিএনসি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। বাড়ির জমি নিয়ে রফিজলের সঙ্গে চাচাতো ভাই রফিকের বিরোধ চলছে। এলাকাবাসী জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে জোবেদা খাতুন মারা গেলে তাকে ভাতিজা রফিকের পারিবারিক কবরস্থানে দাফন করার জন্য স্থানীয়রা রফিক ও তার বাবা খোরশেদ সরদারকে অনুরোধ জানায়। এলাকাবাসী শত অনুরোধ করলেও রফিকসহ তার পরিবারের কাউকে রাজি করাতে পরেনি।

এ অবস্থায় এলাকাবাসীরা জোবেদা খাতুনকে স্থানীয় মসজিদের পাশে মাটি দেওয়ার জন্য ছেলে রফিজলকে অনুরোধ করেন। কিন্তু ছেলে রফিজল মায়ের অসিয়ত পালনে মাকে অন্য কোথাও মাটি দিতে রাজি হয়নি।

পরে বুধবার সকালে বসত ঘরের বারান্দার মেঝেতেই তাকে দাফন করেন। স্থানীয়রা আরো জানান, পারিবারিক কলহের জের ধরে জোবেদার স্বামী আব্দুর রশিদের কবরের ওপরে রফিকের স্ত্রী তাসনুর বেগম ঝাড়ু দিয়ে পিটিয়েছেন। এতে জীবিত থাকাকালিন জোবেদা খাতুন স্বামীর কবরকে এভাবে অপমান করতে দেখে ছেলেদেরকে বলে গেছেন, তার মৃত্যুর পর তাকে যেনো ঘরের মেঝেতেই মাটি দেয়া হয়।

মৃত জোবেদা খাতুনের বড় ছেলে রফিজল জানান, বাড়িতে তাদের সাড়ে পাঁচ শতাংশ জমি রয়েছে। ঘর ভিটায় আড়াই শতাংশ। বাকী তিন শতাংশ জমি তার চাচাতো ভাই রফিক দখল করে পাকা ঘর নির্মান করছে।

এই জমি নিয়েই চাচাতো ভাইয়ের সঙ্গে তাদের বিরোধ। জীবিত থাকাকালীন তার মা তাদেরকে বলে গেছেন যাতে করে, মৃত্যুর পর তাকে ঘরের মধ্যেই মাটি দেয়া হয়। তাই মায়ের অসিয়ত রক্ষায় ঘরের বারান্দায় তাকে দাফন করা হয়েছে।

এলাকাবাসী চাঁদা তুলে কবরের চারপাশে দেয়াল তুলে দিচ্ছেন। যাতে করে ভবিষ্যতে তাদের ঘর ভিটা কেউ দখল করতে না পারে। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এমন ঘটনায় তারা দুঃখ প্রকাশ করেন বলেন, যাতে কোনো অবস্থাতেই জোবেদা খাতুনের কবর ও ঘর ভিটা দখল করতে না পারে এই জন্য তারা কবরটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন।

রফিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায় না। পরে তার বাবা খোরশেদ সরদারের সাথে কথা বললে তিনি জানান, বাড়ির সকল জমি তাদের। এ বাড়িতে অন্য কারো জমি নেই।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া