ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ!
নভেম্বর ১৯ ২০২২, ০১:০৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বর মোঃ জাহিদুল ইসলাম(১৮) এসেছিলেন উপজেলাধীন চরবোরহান ইউনিয়ন থেকে। সঙ্গে ছিল বরযাত্রী। পাত্রী নবম শ্রেণির ছাত্রী (১৫)। এর মধ্যে খবর পেয়ে যান প্রশাসনের লোকজন।
তাঁদের হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পান ওই কিশোরী। আজ শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। মেয়েটির বাড়িও একই উপজেলার রনগোপালদি ইউনিয়নে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বিয়ের আয়োজনের আগে কিশোরীর বাড়িতে বরযাত্রীরা খাওয়া-দাওয়া করেন। খাওয়া–দাওয়ার পর বিয়ে পড়ানোর কথা।
এ খবর শুনে ওই কিশোরীর বাড়িতে ভ্রাম্যমাণ আদালত নিয়ে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল। তাঁর সঙ্গে ছিলেন দশমিনা থানা পুলিশের একটি চৌকস টিম।
মেয়েটির বিয়ের বয়স হয়নি জানার পর আদালত এ বিয়ে বন্ধ করে দেন। ১৮ বছর না হওয়া পর্যন্ত ওই কিশোরীর বিয়ের আয়োজন করবে না মর্মে বর মোঃ জাহিদুল ইসলাম, বরের বাবা মোঃ জাকির হোসেন হোসেন ও মেয়ের বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
ইউএনও মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, উভয় পক্ষের মুচলেকা নিয়ে সতর্ক করে দেওয়া হয়েছ এবং দুই পক্ষকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আ/ মাহাদী









































