চরফ্যাশনে আশ্রায়ন প্রকল্পের জরাজীর্ণ ঘরগুলো পুনঃনির্মাণ শুরু

মার্চ ০৪ ২০২৪, ১৩:০১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার চরফ্যাশনে আশ্রায়ন প্রকল্পের জরাজীর্ণ ঘরগুলো পুনঃনির্মাণ শুরু হওয়ায় আশ্রিত হতদরিদ্র পরিবারগুলোর মুখে হাসি ফুটেছে। প্রথম ধাপে পুনঃনির্মাণ করা এমন ৩৭০টি ঘর শীঘ্রই আশ্রিত পরিবারগুলোকে বুঝিয়ে দেওয়া হবে এবং বাকী এক হাজার ২০টি ঘর পর্যায়ক্রমে পুনঃনির্মাণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নওরীন হক।

সূত্রে জানা গেছে, গত বছরের জুলাই মাসে চরফ্যাশন ইউএনও পদে নওরীন হক যোগদানের পরপর আশ্রায়ন প্রকল্পগুলো ঘুরে দেখেন। এ সময় আশ্রিতদের দুর্দশা, ঘরগুলোর জরাজীর্ণ দেখে সবগুলো ঘর পুনঃনির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব করেন। প্রাথমিক ভাবে অনুসন্ধান করে এমন জরাজীর্ণ এক হাজার ৩৯০টি ঘরে আশ্রিতদের তালিকা প্রস্তত করেন।

প্রস্তাব অনুযায়ী গত নভেম্বর মাসে মন্ত্রণালয় থেকে প্রথম ধাপে ৩৭০টি ঘর পুনঃনির্মাণের বরাদ্দ দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচনের মধ্যেও পুনঃনির্মাণ কাজ খুব দ্রুত সময়ের মধ্যে চালিয়ে এখন পুনঃনির্মিত ঘরগুলো আশ্রিতদের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য প্রস্তত আছে।

হাজারীগঞ্জের ঝিনুক আশ্রায়নে আশ্রিত বৃদ্ধা জোবেদা জানায়, ৩০ বছর আগে দিনমজুর স্বামী মোস্তফা মারা যান। নিঃসন্তান ছিল না মাথাগোঁজার ঠাই। নৌবাহিনীর সহায়তায় ২০ বছর আগে হাজারীগঞ্জের ঝিনুক আশ্রায়ন প্রকল্পের একটি ঘর পান জোবেদা। সময়ের ব্যবধানে ঘরটি জরাজীর্ণ হয়ে যায়। এখন সরকারের উদ্যোগে উপজেলা প্রশাসন জোবেদার জরাজীর্ণ ঘরটি পুনঃনির্মাণ কাজ শুরু করেছে।

ষাটোর্ধ বিধবা ফাতেমার জানান, ৯ বছর আগে হাজারীগঞ্জের ঝিনুক আশ্রায়ন প্রকল্পের জরাজীর্ণ পরিত্যক্ত একটি ঘরে আশ্রয় নেন তিনি। পরিবারে উপার্জনক্ষম কেউ না থাকায় ঘরটি আর সংস্কার করাও হয়নি। এখন উপজেলা প্রশাসন ঘরটি পুনঃনির্মাণ উদ্যোগ নেওয়ায় খুশি তিনি।

ঘর পুনঃনির্মাণ কাজ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প-২ এর উপসচিব মো. আরিফুল ইসলাম সরদার জানান, প্রথম পর্যায়ে আশ্রীতদের জন্য ঘর গুলো পূর্ণঃনির্মান করে বসবাসের উপযোগী করা হয়েছে। পরবর্তীতে এসব ঘরের বাসিন্দাদের সরকারী নানান সুবিধার আওয়াতায় আনা হবে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নওরীন হক জানান, ঘরগুলো এত জরাজীর্ণ যে তা সংস্কারের উপযোগীও নেই। তাই আশ্রিত পরিবারগুলোর দুর্দশা লাগবের কথা ভেবেই ঘরগুলো মুজিববর্ষের ঘরের আদলে পুনঃনির্মাণের বিষয়টি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর করা হয়েছে। যার প্রেক্ষিতে চরফ্যাশনে প্রথম ধাপে ৩৭০টি ঘর পুনঃনির্মাণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও