বরগুনায় এমপি পরিবর্তনে যুবলীগ নেতার দুধ দিয়ে গোসল

জানুয়ারি ১০ ২০২৪, ১৬:৪৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (বরগুনা সদর, আমতলী ও তালতলী) আসনের এমপি পরিবর্তন ও পছন্দের প্রার্থীর জয়লাভে মানত করায় ১ কলসি দুধ দিয়ে গোসল করে ফেসবুকে ভাইরাল হলেন মশিউর রহমান মহারাজ নামে এক যুবলীগ নেতা।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে বরগুনা সদর উপজেলার ৮ নম্বর বরগুনা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কলাতলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। দুধ দিয়ে গোসল করা ওই যুবলীগ নেতা স্থানীয় সাবেক ইউপি সদস্য গোলাম সরোয়ার রুস্তমের ছেলে। তিনি সংশ্লিষ্ট ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক।

জানা যায়, যুবলীগ নেতা মশিউর রহমান মহারাজ বরগুনা-১ আসন থেকে নবনির্বাচিত ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকুর সমর্থক ছিলেন। স্থানীয়রা জানান, দীর্ঘ ১৫ বছরে এলাকার কোনো উন্নয়ন না হওয়া ও স্বতন্ত্র প্রার্থীর জন্য মানত করার কারণেই মহারাজ কলাতলাবাজারে রাস্তার ওপরে এক কলসি দুধ দিয়ে গোসল করেন।

যুবলীগ নেতা মশিউর রহমান মহারাজ বলেন, বরগুনা-১ আসনে দীর্ঘ ১৫ বছরে তেমন কোনো উন্নয়ন না হওয়া এবং সদর উপজেলার কলাতলাবাজার থেকে আমতলী বাজার পর্যন্ত ৮ কিলোমিটার রাস্তার কোনো উন্নয়ন না হওয়ায় জনপ্রতিনিধি পরিবর্তনের জন্য আমার মানত ছিল। আজ তা পূর্ণ হওয়ায় কলাতলাবাজারের রাস্তায় দুধ দিয়ে গোসল করলাম।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও