আগৈলঝাড়ায় ফ্রিজে সংরক্ষন করা গরুর মাংসে রক্ত মিশিয়ে বিক্রি: বিক্রেতার কারাদন্ড
নভেম্বর ১৫ ২০২২, ১৫:০৬
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় ফ্রিজে সংরক্ষন করা গরুর মাংসে পুরনো রক্ত মিশিয়ে তাজা মাংস বলে বিক্রির করার অপরাধে বাদল সরদার নামে এক বিক্রেতাকে এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার সকালে সাড়ে ৮ টার দিকে উপজেলা সদর বাজারে অভিযান চাালান ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন। এসময় ফ্রিজে সংরক্ষন করা গরুর মাংসে রক্ত মিশিয়ে বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে এই কারাদন্ড দেয়া হয়।
মাংস বিক্রেতা বাদল সরদার পাশ^বর্তী গৌরনদী উপজেলার লাখেরাজ কসবা গ্রামের মজিবর সরদারের ছেলে। তিনি আগৈলঝাড়া উপজেলা সদর বাজারে দীর্ঘদিন ধরে গরুর মাংস বিক্রি করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন জানান, ফ্রিজে সংরক্ষন করা গরুর মাংসে পুরনো রক্ত মিশিয়ে তাজা মাংস বলে বাজারে বিক্রি করা হচ্ছে ক্রেতাদের এমন অভিযোগ পেয়ে তিনি সেখানে যান। বাদল সরদার দোকানে গিয়ে একটি পলিথিনের মধ্যে পুরনো রক্ত এবং ফ্রিজে সংরক্ষন করা গরুর মাংস বিক্রি করতে দেখতে পান। এসময় মাংসের রঙ দেখে সন্দেহ হলে জানতে চাওয়া হলে বাদল সরদার বিষয়টি প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে জিজ্ঞাসাবাদে বাদল সরদার বলেন, ফ্রিজে রাখলে ওই মাংস সাদা হয়ে যায়। ফ্রিজে রাখা পুরনো রক্ত মিশিয়ে তাজা গরুর মাংস বলে বিক্রি করেন বলে স্বীকার করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সাখাওয়াত হোসেন বলেন, এটা ক্রেতাদের সঙ্গে প্রতারনা। ফ্রিজে সংরক্ষন করা গরুর মাংসে পুরনো রক্ত মিশিয়ে তাজা মাংস বলে বিক্রির করার অপরাধে বিক্রেতা বাদল সরদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক মাসের কারাদন্ড দেয়া হয়।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মনিরুজ্জামান তালুকদার জানান, রঙ লাল ও তাজা দেখাতে পুরাতন রক্ত মিশিয়ে মাংস বিক্রি করা হচ্ছিল। যা কি-না মানবদেহের জন্য ক্ষতিকর। তিনি কোথাও এ ধরনের মাংস বিক্রি করতে দেখলে ক্রেতাদের প্রশাসনকে জানানোর অনুরোধ করেন।








































