মনপুরায় ১৬ দোকান পুড়ে ৩ কোটি টাকার ক্ষতি

নভেম্বর ১৪ ২০২২, ১৯:৪৩

মনপুরা (ভোলা) প্রতিনিধি ‍॥ ভোলার মনপুরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ দোকান পুড়ে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেন ব্যবসায়ী সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান অলি উল্লাহ কাজল।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, ওসি সাইদ আহমেদ ও ইউপি চেয়ারম্যান অলি উল্লাহ কাজল।

সোমবার ভোর রাত ৪ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজারে এই দুর্ঘটনা ঘটে। চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করছেন মনপুরা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কমান্ডার ফজলুর রহমান।

এদিকে অস্ট্রেলিয়া সরকারি সফরে থাকা এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বিকেল ৪টায় খবর পেয়ে তাৎক্ষনিক ব্যক্তিগত তহবিল থেকে আগুনে ক্ষতিগ্রস্ত ১৬ ব্যবসায়ীকে ১৬ বান টিনসহ প্রত্যেক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে ১ লক্ষ ৬০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। বিষয়টি নিশ্চিত করেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলি উল্লাহ কাজল সহ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মিয়া।

আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হলে, দুইটি ফার্মেসির দোকান, একটি চায়ের দোকান, তিনটি মুদি দোকান, দুইটি কাপড়ের দোকান, একটি জুয়েলারি দোকান, দুইটি কসমেটিকসের দোকান, চারটি গোডাউন, একটি কম্পিউটার ও একটি মোবাইল সার্ভিসের দোকান।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর রাত ৪ টায় কোড়ালিয়া বাজারের দক্ষিণ মাথায় আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। তখন উপজেলা ফায়ার সার্ভিস খবর দিলে দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসে। পরে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ততক্ষণে একে একে ১৬ দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ৩ কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়িক সমিতির সভাপতি অলি উল্লাহ কাজল।

এই ব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কমান্ডার ফজলুর রহমান জানান, দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিষ কুমার জানান, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জেলা প্রশাসককে অবহিত করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও