বঙ্গবন্ধু জন্মেছেন বলেই বাঙালি আজ স্বাধীন: এমপি শাওন

আগস্ট ১৫ ২০২৩, ২০:৩৪

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু জন্মেছেন বলেই বাঙালি আজ স্বাধীন। তবে বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে ইতিহাসের জঘন্যতম অধ্যায় রচনা করেছেন ঘাতকরা।

জাতির পিতাকে হত্যার পরও এদেশের উন্নয়ন- অগ্রগতি থামাতে পারেনি ষড়যন্ত্রকারীরা। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়ে ওঠছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। প্রধানমন্ত্রীর দূরদর্শী পদক্ষেপের কারণেই বাঙালি জাতি এখন বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে।

কোনো অপশক্তিই এখন আর বাংলাদেশের এই চলমান উন্নয়ন-অগ্রগতি থামাতে পারবে না। মঙ্গলবার সকালে ভোলার লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এরআগে মঙ্গলবার ভোরে দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা অর্ধনমিতি ও কালো পতাকা উত্তোলন করা হয়।

এরপর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের নেতৃত্বে পৌরশহরের চৌরাস্তার মোড় থেকে একটি শোক র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এমপি শাওন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া