সরকারী খালে ভবন নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন

নভেম্বর ১০ ২০২২, ১৭:৪০

নিজস্ব প্রতিবেদক॥ সরকারী খাল অবৈধভাবে দখল করে পাকা ভবন নির্মাণের কাজ বৃহস্পতিবার দুপুরে বন্ধ করে দিয়েছে প্রশাসন। ঘটনাটি জেলার গৌরনদী পৌরসভার সুন্দরদী এলাকার।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, কিরন নামের এক ইতালী প্রবাসী শামীম ঘরামী নামের এক প্রভাবশালী ব্যক্তির সহযোগীতায় টরকী বন্দর সংলগ্ন নীলখোলা সরকারী খালের সুন্দরদী এলাকার বৃহত অংশ অবৈধভাবে দখল করে পাকা ভবন নির্মানের কাজ শুরু করেন।

পুরো খাল বন্ধ করে ভবন নির্মান করায় বর্ষা মৌসুমে ওই এলাকায় জলাবদ্ধতার আশংকা দেখা দিয়েছে। উপায়অন্তুর না পেয়ে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসারের কাছে বৃহস্পতিবার সকালে অভিযোগ দায়ের করেন।

উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাকে পাঠিয়ে খাল দখলের সত্যতা পাওয়া গেছে। পরবর্তীতে খালের মধ্য থেকে স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এরপরেও কাজ চলমান রাখলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

তবে সরকারী খাল দখলে অভিযোগ অস্বীকার করে ভবন নির্মানের সাথে জড়িত প্রবাসী কিরনের ঘনিষ্ঠজন শামীম ঘরামী বলেন, তাদের ক্রয়কৃত জমিতে ভবন নির্মাণ করা হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও