মুখ থুবড়ে পড়া বরিশালকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলা হবে-খোকন সেরনিয়াবাত

এপ্রিল ২৬ ২০২৩, ১৯:৩৭

নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, নৌকা হচ্ছে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক। বরিশাল নগরবাসী নৌকাকে বিজয়ী করলে উন্নয়নের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করা হবে।

নৌকা প্রতীককে বিজয়ী করলে এই শহরকে আমি নতুন ও শান্তিময় শহর হিসেবে গড়ে তুলবো। দীর্ঘদিনের মুখ থুবড়ে পড়া বিধ্বস্ত নগরীকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে আপনাদের উপহার দেবো। মহানগর শ্রমিক লীগের আয়োজনে মঙ্গলবার (২৫ এপ্রির) রাতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দলীয় নেতাকর্মী ও নগরবাসীর উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মহানগর শ্রমিক লীগের সভাপতি মো. আফতাফ হোসেন। সভায় প্রধান বক্তা ছিলেন, মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক মো. মাহমুদুল হাসান খান মামুন। খোকন সেরনিয়াবাত বলেন, সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বরিশাল নগরবাসীর দীর্ঘদিনের চাঁপা কষ্ট ও দুর্ভোগ থেকে মুক্তি দিতে প্রধানমন্ত্রী আমার হাতে নৌকা তুলে দিয়ে একজন সেবক হওয়ার জন্য পাঠিয়েছেন।

আমিও প্রধানমন্ত্রীকে নগরবাসীর একজন সেবক হওয়ার জন্য ওয়াদা করেছি। আমার ওপর আস্থা রাখুন। আমি বেঁচে থাকতে কোনোধরনের অন্যায়, অনিয়ম ও অপরাধ হতে দেবো না। নতুন বরিশাল গড়ারই হচ্ছে আমাদের অঙ্গীকার। প্রতিটি মানুষকে সেবা ও ভালোবাসা দিতে চাই। তিনি বলেন, আপনাদের মূল্যবান ভোটে আমি নির্বাচিত হতে পারলে আর যাই হোক অতীতের মেয়রদের মতো না হয়ে দলমত নির্বিশেষে আমার বাড়ির দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকবে।

পাশাপাশি নগরবাসীর চাহিদাকে সর্বাত্মক গুরুত্ব দিয়ে সবধরনের উন্নয়নমূলক কাজ করা হবে। অতীতের ন্যায় নগরবাসীর ওপর কোনধরনের অপরাধ ও জুলুমকে প্রশ্রয় দেওয়া হবে না। তিনি আরও বলেন, দেশের অন্যান্য সিটি করপোরেশনে যে উন্নয়ন হয়েছে, সেইদিক থেকে বরিশাল অনেক পিছিয়ে রয়েছে। তাই পরিকল্পিত উন্নয়ন ও আধুনিক সিটি করপোরেশন গড়ার স্বার্থে প্রধানমন্ত্রী আমার হাতে নৌকা প্রতীক তুলে দিয়েছেন।

আমার শতভাগ বিশ্বাস রয়েছে- বাংলাদেশের উন্নয়নের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, সেইদিক বিবেচনা করে এবং প্রাধান্য দিয়ে সর্বস্তরের নগরবাসী আধুনিক ও উন্নত নগরী গড়ার লক্ষ্যে নৌকা মার্কায় তাদের মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করবেন। আগামী ১২ জুনের নির্বাচনে নৌকার বিজয় হলে সেই বিজয় হবে তিলোত্তমা বরিশাল নগরী গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করা।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া